বাংলাদেশ ব্যাংককে অর্থ ফেরত দেওয়ার আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক-এগারোর সময় ১১ কোম্পানির কাছ থেকে আদায় করা ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংককে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
উল্লেখ্য, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিভিন্ন অভিযোগে এই অর্থ আদায় করা হলেও তা অগ্রিম আয়কর হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা করা হয়েছিল।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) বাংলাদেশ ব্যাংকের করা ১১টি আবেদনের ওপর গতকাল আপিল বিভাগে শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম। শুনানি শেষে আদালত আগামী ছয় সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত টাকা ফেরত চাওয়া আবেদনকারীদের আয়কর-সংক্রান্ত সব ধরনের নথি আদালতে জমা দেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংককে টাকা ফেরত দিতে হবে না। হাইকোর্টের রায় আপিল বিভাগ স্থগিত রেখেছেন। তিনি জানান, আবেদনকারীদের জমা দেওয়া অর্থ ওই সময়ের আয়কর রিটার্নে দেখানো আছে কি না, তা আদালত জানতে চান। এ জন্য এ-সংক্রান্ত সব নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সাবেক সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অগ্রিম আয়কর হিসেবে বিপুল পরিমাণ টাকা আদায় করা হয়। ওই সময় বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সরকারি কোষাগারে ওই অগ্রিম আয়করের টাকা জমা দেওয়া হয়েছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ওই জরিমানার টাকা ফেরত পাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানি হাইকোর্টে রিট আবেদন করে। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে হাইকোর্টের দেওয়া রায়ে ১১টি কোম্পানিকে ৬১৫ কোটি ৫৫ লাখ টাকা ৯০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে ফেরত দেওয়ার নির্দেশ দেন।
মামলার নথিপত্র থেকে জানা যায়, হাইকোর্টে করা ১১টি কোম্পানির রিট আবেদনের আদেশে হাইকোর্ট এস. আলম স্টিলস লিমিটেডকে ৬০ কোটি টাকা, দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড এবং বারাউরা টি কোম্পানি লিমিটেডকে ২৩৭ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ২ টাকা ১৭ পয়সা, মেঘনা সিমেন্ট মিলকে ৫২ কোটি, বসুন্ধরা পেপার মিলকে ১৫ কোটি, ইউনিক ইস্টার্ন প্রাইভেট লিমিটেডকে ৯০ লাখ, ইউনিক সিরামিক ইন্ডাস্ট্রিজকে ৭০ লাখ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসকে ১৭ কোটি ৫৫ লাখ, ইউনিক ভকেশনাল ট্রেনিং সেন্টারের স্বত্বাধিকারী মো. নূর আলীকে ৬৫ লাখ, বোরাক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডকে ৭ কোটি ১০ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডকে ৩৫ কোটি এবং ইস্ট ওয়েস্ট প্রোপার্টি লিমিটেড ডেভেলপমেন্টকে ১৮৯ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন।
হাইকোর্টের ওই আদেশগুলোর বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক চেম্বার আদালতে আপিলের অনুমতি চেয়ে আলাদা আলাদা আবেদন করে। চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে এগুলো শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। গতকাল আপিল বিভাগে এসব আবেদনের ওপর শুনানি হয়।