বাংলাদেশ ব্যাংকে আগুনে ক্ষতি ৮০ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডে ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের হিসাবেও ক্ষয়ক্ষতির পরিমাণ একই। আজ বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভংকর সাহা। আগুনের ঘটনায় গঠিত কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

শুভংকর সাহা বলেন, আগুনে গুরুত্বপূর্ণ কোনো নথি পোড়া যায়নি। সেখানে একটি ইলেকট্রিক কেটলি পাওয়া গেছে। বিভাগে এমন ইলেকট্রিক যন্ত্র রাখা ঠিক নয়। ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে তদন্ত কমিটি বেশ কিছু সুপারিশ করেছে বলে জানান তিনি।

গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকে লাগা আগুনে ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপকের কক্ষ ও তাঁর ব্যক্তিগত সহকারীর বসার জায়গা পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য ওই দিনই তিন সদস্যের কমিটি করে বাংলাদেশ ব্যাংক। নির্বাহী পরিচালক আহমেদ জামালের নেতৃত্বে গঠিত কমিটি গত মঙ্গলবার বিকেলে রিপোর্ট জমা দেয়। এতে বলা হয়েছে, বৈদ্যুতিক শর্টসার্কিট ও ইলেকট্রিক কেটলি থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে তিনটি কম্পিউটার ও ইউপিএস, একটি করে স্ক্যানার ও ফটোকপি মেশিন, দুটি প্রিন্টার, কয়েকটি চেয়ার-টেবিলসহ কিছু আসবাব পুড়ে গেছে।