বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা নয়, দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তদন্ত কমিটি। এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘শত্রুতা বা নাশকতামূলকভাবে অগ্নিসংযোগের কোনো আলামত, কারণ বা সম্ভাবনা তদন্তে পাওয়া যায়নি। তদন্ত কার্যক্রমের ভিত্তিতে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় তদন্ত কমিটি মনে করে যে দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত হয়েছে।’
গত ২৩ মার্চ রাতে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ১৪ তলায় আগুন লাগে। আগুনে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক ও তাঁর ব্যক্তিগত সহকারীর ব্যবহৃত সবই পুড়ে যায়। ধোঁয়ায় ১৫ তলার অফসাইট সুপারভিশন বিভাগেরও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। তদন্তসংশ্লিষ্ট একজন নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, অগ্নিনির্বাপণের জন্য সব ব্যবস্থাই বাংলাদেশ ব্যাংকে ছিল। কিন্তু নিয়মিত বৈদ্যুতিক লাইন ও ফিটিংস পরীক্ষা-নিরীক্ষা না করার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
তদন্ত শেষে গত রোববার এই কমিটির তদন্ত প্রতিবেদন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খানের কাছে হস্তান্তর করা হয়।
আলী আহমদ খান প্রথম আলোকে বলেন, তদন্তে অগ্নিকাণ্ডের কারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য কমিটির পক্ষ থেকে কিছু সুপারিশ করা হয়েছে। তদন্তে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ব্যাংকে থাকা বৈদ্যুতিক কেটলি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
অধিদপ্তর সূত্রে প্রতিবেদনটি সংগ্রহ করেছে প্রথম আলো। প্রতিবেদনে স্পর্শকাতর স্থাপনায় পানি গরম করার কাজে কোনোরূপ ইলেকট্রিক কেটলি, হিটার বা ওভেন ব্যবহার নিষিদ্ধ করা, অগ্নিনিয়ন্ত্রণ কক্ষে প্রশিক্ষিত ব্যক্তির দায়িত্ব নিশ্চিত করা এবং বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ নিরাপত্তার কাজ আউটসোর্সিংয়ের মাধ্যমে না করিয়ে নিজস্ব জনবল দিয়ে করাসহ আট দফা সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাংলাদেশ ব্যাংক ভবনে বিদ্যুৎ ছিল। ওই দিন ব্যাংকের কর্মচারী জামিল হোসেন বিকেল সাড়ে ৪টায় চা তৈরির জন্য কেটলিতে পানি গরম করেন। পানি গরমের পর তিনি কেটলির সুইচ বন্ধ করলেও কেটলির লাইন যে প্লাগের সঙ্গে ছিল, তার সুইচ বন্ধ করেননি। এটি চালু রেখে তিনি সন্ধ্যা সাড়ে ৬টায় কার্যালয় থেকে চলে যান। কার্যালয়ের এই অংশটি রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা ছিল। দীর্ঘ সময় কেটলিতে বিদ্যুৎপ্রবাহ চালু থাকায় অতিরিক্ত গরম হয়ে পুড়ে যায়। পাশাপাশি বৈদ্যুতিক ওয়্যারিংয়ের ইন্সুলেশন রাবার পুড়ে জমাট বেঁধে শর্টসার্কিটের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, জবানবন্দি পর্যালোচনা, পারিপার্শ্বিক আলামত, যেখানে আগুনের সূত্রপাত হয়েছে এবং আগুনের ধরন বিশ্লেষণ করে কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে বৈদ্যুতিক গোলযোগই অগ্নিকাণ্ডের কারণ।
তদন্তসংশ্লিষ্ট একজন নাম না প্রকাশের শর্তে বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে। কিন্তু দুর্ঘটনাটি রাতে না ঘটে দিনে ঘটলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। কারণ যানজটের কারণে ওই এলাকায় পৌঁছাতেই অন্তত আধা ঘণ্টা সময় লাগত। এতে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়তে পারত। তাই ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে ২০ সদস্যের একটি অগ্নিকাণ্ড ও ভূমিকম্প ব্যবস্থাপনা কমিটি করতে বলা হয়েছে, যাতে দুর্ঘটনার সময় তারা দ্রুত ব্যবস্থা নিতে পারে।
অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান বলেছেন, শিগগিরই সুপারিশসহ তদন্ত প্রতিবেদনটি স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।