বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার বাড়ি থেকে ৬৩ হাজার টাকা চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার বাড়িতে চুরি হয়েছে। চোরেরা তাঁর বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তা গতকাল শনিবার নগরের রাজপাড়া থানায় মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অতিরিক্ত ব্যবস্থাপক এ বি এম সাদেক মহিষবাথান এলাকার বাসিন্দা। শুক্রবার গভীর রাতে জানালার গ্রিল কেটে একদল চোর তাঁর বাসায় ঢোকে। এরপর তারা আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৬৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় ওই কর্মকর্তাসহ তাঁর পরিবারের অন্য সদস্যরা পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন। গতকাল সকালে বাড়ির লোকজন বিষয়টি রাজনগর থানার পুলিশকে জানান। সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা এ বি এম সাদেক মামলা করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।