বাংলাদেশ ব্যাংকের কাজে ক্ষোভ সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ থেকে অর্থ পাচারের ঘটনায় এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে না পারায় কেন্দ্রীয় ব্যাংকের কাজে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাজ নিয়ে আলোচনায় সদস্যরা এ ক্ষোভ প্রকাশ করেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ২০১৩ সালে ৯৯৬ কোটি টাকা পাচার হয়েছে। গত ১০ বছর ধরে প্রতিবছর গড়ে প্রায় ৫০০ কোটি টাকা করে পাচার হয়েছে। এভাবে টাকা পাচার হচ্ছে। তা হলে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাজটা কী? তিনি বলেন, এটি নিয়ে কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।

সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্রে এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ থেকে পাচার করা অর্থের ৮০ ভাগই ‘আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং’–এর মাধ্যমে পাচার হয় বলে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটির (জিএফআই) এক প্রতিবেদনে বলা হয়েছে।

৩০ সেপ্টেম্বরের পর এবি ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা : এবি ব্যাংকের অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে পাচার করা টাকা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ফিরিয়ে আনতে ব্যবস্থা না নিলে বেসরকারি এই ব্যাংকটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির কার্যপত্র থেকে বিষয়টি জানা গেছে।

খবর অনুযায়ী, এবি ব্যাংকের অফশোর ইউনিট থেকে চার বিদেশি কোম্পানির নামে ৪ কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ৩৪০ কোটি) বের করে নেওয়া হয়েছে। ঋণের অর্থ অন্য হিসাবে পাচার করা হয়েছে। অর্থ পাচার হয়েছে সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে।

প্রতিষ্ঠান চারটি হলো সংযুক্ত আরব আমিরাতের গ্লোবাল এমই জেনারেল ট্রেডিং ও সেমাট সিটি জেনারেল ট্রেডিং, সিঙ্গাপুরের এটিজেড কমিউনিকেশনস পিটিই লিমিটেড ও ইউরোকারস হোল্ডিংস পিটিই লিমিটেড।

কমিটির সভাপতি আবদুর রাজ্জাক এ প্রসঙ্গে বলেন, এবি ব্যাংক স্বীকার করেছে যে তাদের কিছু ভুল-ব্যর্থতা ছিল। তবে ৪০ শতাংশ টাকা তারা রিকভারি করেছে। বাকিটা আনবে। বাংলাদেশ ব্যাংক তাদের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যে ব্যবস্থা না করলে বাংলাদেশ ব্যাংক আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

কার্যপত্র থেকে জানা গেছে, অফশোর ইউনিটের ঋণ প্রস্তাব বিশ্লেষণ, ঋণ মঞ্জুরি প্রক্রিয়া এবং ঋণ বিতরণ–পরবর্তী মনিটরিং ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিহ্নিত করতে বাংলাদেশ ব্যাংক এবি ব্যাংককে চিঠি দেয়। গত ৩১ মে এবি ব্যাংকের দেওয়া জবাবে সন্তুষ্টু না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক আবারও ব্যবস্থা নিয়ে জানাতে চিঠি দেয়। অন্যথায় ব্যাংক কোম্পানি আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও এবি ব্যাংককে জানানো হয়।

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির আজকের সভায় সভাপতিত্ব করেন আব্দুর রাজ্জাক। বৈঠকে কমিটির সদস্য অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, আবদুল ওয়াদুদ, টিপু মুনশি, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শওকত চৌধুরী ও আখতার জাহান উপস্থিত ছিলেন।