বাংলাদেশ ব্যাংকের জিএমসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বিরুদ্ধে এবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই মামলায় বাংলাদেশ ব্যাংকের একজন মহাব্যবস্থাপকসহ (জিএম) দুজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।
দুদকের জনসংযোগ বিভাগ এ তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেছে, গত শনিবার রাতে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলাটি হয়। মামলার বাদী দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপসহকারী পরিচালক মানিক লাল দাস।
দুদক সূত্র জানায়, মামলায় ছয় আসামির বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ভুয়া ঋণপত্রের (এলসি) মাধ্যমে এবি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে প্রায় ৩২৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। আসলাম চৌধুরী ছাড়া মামলার অন্য আসামিরা হলেন তাঁর স্ত্রী রাইজিং স্টিল মিল লিমিটেডের চেয়ারম্যান জামিলা নাজনীন মাওলা, ছোট ভাই ও একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক জসীম উদ্দিন চৌধুরী, এবি ব্যাংকের সাবেক এমডি এ কে এম ফজলুর রহমান এবং এবি ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের হিসাব ও অডিট বিভাগের বর্তমান জিএম বদরুল হক খান।
আসামিদের মধ্যে আসলাম চৌধুরী অন্য মামলায় আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গত ১৫ মে ঢাকায় গ্রেপ্তার করা হয় তাঁকে। বিএনপির এই যুগ্ম মহাসচিবকে রাজধানীর বিভিন্ন থানায় হওয়া তিনটি নাশকতার মামলায়ও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এ ছাড়া তাঁকে চেক প্রতারণার আটটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
গত শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয় বদরুল হক খান ও জসীম উদ্দিন চৌধুরীকে। দুদকের দুটি দল ঢাকা ও চট্টগ্রাম থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে এবি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে তিনটি ঋণপত্রের বিপরীতে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাৎ করেছেন। বিপুল পরিমাণ অর্থ দেওয়ার বিপরীতে পর্যাপ্ত পরিমাণ জামানত না নিয়ে শুধু ১৭ কোটি ৪০ লাখ ৮৮ হাজার টাকা দামের দুটি জমির দলিল এবং ট্রাস্ট রিসিপ্ট ও তিনটি চেক জামানত হিসেবে গ্রহণ করে ব্যাংক। পুরোনো জাহাজ কেনাবেচার ব্যবসায় নিয়োজিত রাইজিং স্টিল কোম্পানিকে ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকটির সে সময়ের এমডি ও ডিএমডি নিজেদের ক্ষমতার অপব্যবহার করেছেন। আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক ব্যাংকটির প্রধান কার্যালয়ে ঋণ অনুমোদনের জন্য প্রস্তাব না পাঠালেও এমডি-ডিএমডি ওই প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ দেওয়ার নির্দেশ দেন। অন্যদিকে তিন পর্যায়ে ৩৭৭ কোটি টাকারও বেশি ঋণ নিয়ে মাত্র সাড়ে ৫১ কোটি টাকা পরিশোধ করেছে প্রতিষ্ঠানটি। আগ্রাবাদ শাখা থেকে বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও বাকি টাকা পরিশোধ না করে আত্মসাৎ করা হয়েছে।