বাংলাদেশ ব্যাংকের টাকা খোয়ার বিষয়ে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের অর্থ খোয়া যাওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, ঘটনাটি কেন ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে তা তিনি বুঝতে পারছেন না। প্রধানমন্ত্রী নিজেও দেরিতে জেনেছেন জানিয়ে বলেন, এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর দায় এড়াতে পারেন না। পুরো বিষয়টি তদন্ত করে শক্ত পদক্ষেপ নেওয়ারও তাগিদ দেন তিনি।
আজ রোববার সন্ধ্যায় গণভবনে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন বোর্ডের এক সভায় প্রধানমন্ত্রী দলের নেতাদের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেন।
বৈঠক সূত্র জানায়, ওই বৈঠক শুরুর কিছুক্ষণ আগেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। মনোনয়ন বোর্ডের বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবী প্রশংসা করছে। কিন্তু বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সরাসরি কার্গো বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা ও বাংলাদেশ ব্যাংকের অর্থ খোয়া যাওয়ার বিষয়টি বিব্রত করছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিষয়টি অর্থমন্ত্রীকে আগেই জানানো উচিত ছিল বলে মত দেন।
বাংলাদেশ ব্যাংকের অর্থ খোয়া যাওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীকেও দেরিতে জানানো হয় বলে সূত্র জানিয়েছে। তবে প্রধানমন্ত্রী কবে জেনেছেন সেটা প্রকাশ করেননি।
এই নিয়ে তৃতীয় পর্বের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলের প্রার্থী বাছাইয়ে তিন দিন বৈঠক হয়েছে। এ পর্যন্ত প্রাথমিকভাবে প্রায় ৫০০ প্রার্থীর তালিকা করা হয়েছে। নির্বাচন কমিশন এখনো তৃতীয় পর্বের ভোটের তফসিল ঘোষণা করেনি। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।