বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা চায় সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের আর্থিক কর্মকাণ্ডের নিরীক্ষা প্রতিবেদন চেয়েছে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের নিরীক্ষা বিভাগকে ব্যাংকটির ওপর বিশেষ নিরীক্ষা পরিচালনা করে তার ভিত্তিতে একটি প্রতিবেদন দিতে বলেছে।
সরকারি হিসাব কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর। তিনি ফারমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। ঋণ বিতরণে অনিয়মের কারণে বাংলাদেশ ব্যাংক ১৩ জানুয়ারি ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করেছে। বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের চার দিনের মাথায় মহীউদ্দীন খান আলমগীরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকে বিশেষ নিরীক্ষা পরিচালনার সুপারিশ করল।
সংসদের কার্যপ্রণালি বিধিতে বলা আছে, কোনো কমিটিতে সাংসদের ব্যক্তিগত স্বার্থ বিবেচিত হওয়ার সুযোগ থাকলে সেই সাংসদ ওই কমিটির সদস্য বা সভাপতি হতে পারবেন না।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ-বিষয়ক গবেষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নিজাম আহমেদ প্রথম আলোকে বলেন, যেকোনো প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন যাচাই করা সরকারি হিসাব কমিটির দায়িত্ব। কিন্তু কমিটির সভাপতি একটি ব্যাংকের চেয়ারম্যান এবং অনিয়মের কারণে কয়েক দিন আগে তাঁর ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ করেছে বাংলাদেশ ব্যাংক। সুতরাং এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন তলব করা অনৈতিক।
তবে মহীউদ্দীন খান আলমগীর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, কোনো বিষয়কে ব্যক্তিগতভাবে নেওয়ার সুযোগ সংসদীয় কমিটির নেই। সেটা নেওয়া উচিতও নয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের অনুসন্ধানে ফারমার্স ব্যাংকে বেশ কিছু ঋণ অনিয়মের ঘটনা উদ্ঘাটিত হয়। নামে-বেনামে অস্তিত্বহীন কোম্পানির বিপরীতেও বড় অঙ্কের ঋণ অনুমোদন করা হয়। এ ছাড়া ব্যাংকটির ব্যবস্থাপনার ক্ষেত্রেও বেশ কিছু দুর্বলতা পাওয়া গেছে অনুসন্ধানে।
নানা অনিয়মের বিষয়ে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন নির্দেশনা দিলেও ব্যাংকটি তা যথাযথভাবে পরিপালন করেনি। ফলে বাংলাদেশ ব্যাংক শেষ পর্যন্ত পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়।
তবে গতকালের সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় জন্ডিসে ভুগছে—ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কমিটি এই সুপারিশ করেছে। আর বৈঠকে প্রসঙ্গটি উত্থাপন করেন জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাইদুল ইসলাম।
গত শনিবার কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্সের নেতাদের সঙ্গে এক আলোচনায় সৈয়দ আশরাফ বলেছিলেন, অর্থমন্ত্রী, তাঁর মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক এখন জন্ডিসে আক্রান্ত। বিশ্বে এমন কোনো দেশ নেই, যেখানে ব্যবসায়ীরা ব্যবসায় বিনিয়োগের জন্য ব্যাংক থেকে ১৫-১৮ শতাংশ হারে সুদ দিয়ে ঋণ নেন। একমাত্র বাংলাদেশের ব্যাংক খাতে এই অরাজক পরিস্থিতি বিরাজ করছে। এ দেশের ব্যবসায়ীরা উচ্চ হারে সুদ দিয়ে ব্যবসা করতে বাধ্য হচ্ছেন। এই অতিরিক্ত সুদের হারই বাংলাদেশে বিনিয়োগ কমে যাওয়ার একটি বড় কারণ।
সংসদীয় কমিটির বৈঠক শেষে কমিটির সদস্য রুস্তম আলী ফরাজী সাংবাদিকদের বলেন, পত্রিকায় খবর এসেছে, জনপ্রশাসনমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রী জন্ডিসে আক্রান্ত। যেহেতু জনপ্রশাসনমন্ত্রী কথাটি বলেছেন, তাই কমিটি মনে করে, তাঁর কথার কোনো না কোনো ভিত্তি আছে। সে জন্য কমিটি বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন নিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।
রুস্তম আলী বলেন, বৈঠকে ব্যাংকঋণের সুদের হার নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংকের সুদের হার ২ থেকে ৫ শতাংশ। ব্যতিক্রম শুধু বাংলাদেশ। সে জন্য কমিটি আগামী বৈঠকগুলোতে ব্যাংক খাত নিয়েও আলোচনা করবে।
এ নিয়ে রাতে অবশ্য ভিন্ন বক্তব্য দিয়েছেন মহীউদ্দীন খান আলমগীর। প্রথম আলোকে তিনি বলেন, সৈয়দ আশরাফ বাংলাদেশ ব্যাংক নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে কমিটিতে আলোচনা হয়েছে। তবে সেটা আনুষ্ঠানিক কিছু নয়। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
সামগ্রিক বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কেউ কথা বলতে চাননি। তবে কেন্দ্রীয় ব্যাংক সূত্র বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করাতে হয় তাদের। সেই প্রতিবেদন আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ প্রথম আলোকে এ বিষয়ে বলেন, যদি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে স্বাভাবিক ও সাধারণ নিয়মে বাংলাদেশ ব্যাংকের ওপর নিরীক্ষা হয়ে থাকে, তাহলে তো এখনো সেই একই নিয়মেই সেটি হতে পারে। এ জন্য তো সংসদীয় কমিটির সুপারিশের কোনো দরকার পড়ে না।
ইব্রাহিম খালেদ আরও বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। ওই ব্যাংকের চেয়ারম্যান ও সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি একই ব্যক্তি। তাই স্বাভাবিকভাবেই সংসদীয় কমিটির এ ধরনের সিদ্ধান্তে জনমনে সন্দেহ তৈরি হতে পারে। বাংলাদেশ ব্যাংক ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে, আর তার জের ধরেই বাংলাদেশ ব্যাংকের ওপর বিশেষ নিরীক্ষার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে—সেই প্রশ্ন ওঠাও স্বাভাবিক।