বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন তলব সংসদীয় কমিটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের আর্থিক কর্মকাণ্ডের নিরীক্ষা প্রতিবেদন তলব করেছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তরের নিরীক্ষা বিভাগকে ব্যাংকটির ওপর বিশেষ নিরীক্ষা পরিচালনা করে তার ভিত্তিতে একটি প্রতিবেদন দিতে বলেছে।

আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক এই সুপারিশ করা হয়। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় জন্ডিসে ভুগছে- ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কমিটি এই সুপারিশ করেছে।

গতকাল শনিবার কিশোরগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ব্যাংক ঋণের চড়া সুদ সম্পর্কে আশরাফুল ইসলাম বলেছিলেন, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় জন্ডিসে ভুগছে।

বৈঠক শেষে কমিটির সদস্য রুস্তম আলী ফরাজী সাংবাদিকদের বলেন, পত্রিকায় খবর এসেছে, জনপ্রশাসন মন্ত্রী বলেছেন বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রী জন্ডিসে আক্রান্ত। যেহেতু জনপ্রশাসন মন্ত্রী কথাটি বলেছেন, তাই কমিটি মনে করে তাঁর কথার কোনো না কোনো ভিত্তি আছে। সে জন্য কমিটি বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদন নিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে।

রুস্তম আলী বলেন, বৈঠকে ব্যাংক ঋণের সুদের হার নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ব্যাংকের সুদের হার ২ থেকে ৫ শতাংশ। ব্যতিক্রম শুধু বাংলাদেশ। সে জন্য কমিটি আগামী বৈঠকগুলোতে ব্যাংক খাত নিয়েও আলোচনা করবে।

কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈঠকে বাংলাদেশ ব্যাংকের প্রসঙ্গটি উত্থাপন করেন জাতীয় পার্টির সাংসদ এ কে এম মাইদুল ইসলাম।

কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য অফসারুল আমীন, একেএম মাঈদুল ইসলাম, রুস্তম আলী ফরাজী ও রেবেকা মোমিন অংশ নেন।