বাংলাদেশ ব্যাংকের প্রতিক্রিয়া ও ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় গত বুধবার প্রকাশিত ‘এক লাখ কোটি অলস টাকা নিয়ে বসে আছে ব্যাংক’ শীর্ষক প্রতিবেদন নিয়ে লিখিত প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রতিক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক বলেছে, তফসিলি ব্যাংকগুলোর আমানত স্থিতি থেকে গ্রাহকদের প্রয়োজনে তারল্য জোগান নিশ্চিত করার জন্য ব্যাংকগুলোর নগদ ও তরল সম্পদ স্থিতির ন্যূনতম মাত্রার (সিআরআর ও এসএলআর) অনুপাত বাংলাদেশ ব্যাংক দ্বারা নির্দেশিত রয়েছে। এর অতিরিক্ত তরল সম্পদ বেসরকারি খাতে ঋণে বা সরকারি ট্রেজারি বা বন্ডে বিনিয়োগ ব্যাংকগুলোর নিজস্ব ব্যবসায়িক সিদ্ধান্ত। ট্রেজারি বিল বা বন্ডে এসএলআরের অতিরিক্ত বিনিয়োগ আয়বাহী, ঋণ খেলাপ ঝুঁকিমুক্ত এবং কোনো অর্থেই অলস তারল্য নয়। অথচ ওই বিনিয়োগ অঙ্ককে অলস টাকা বলে বর্ণনা করা বিভ্রান্তিকর উপস্থাপনা।
প্রতিবেদকের বক্তব্য: বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ছে না এটা সরকারি পরিসংখ্যানেই স্পষ্ট। অর্থমন্ত্রী নিজেও তা বলেন। বেসরকারি বিনিয়োগ স্থবির হওয়ার কারণেই ব্যাংকে জমছে উদ্বৃত্ত তারল্য। এই অর্থ আসছে সাধারণ মানুষের আমানত থেকে। ব্যাংকের কাজই হচ্ছে আমানত সংগ্রহ করে তা ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে ঋণ আকারে বিতরণ করা। কিন্তু বিনিয়োগ স্থবিরতায় সেটি করতে না পেরে ব্যাংকগুলো এখন বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রকাশনা মেজর ইকোনমিক ইন্ডিকেটরস-এর ভাষায় ‘দায়মুক্ত অনুমোদিত সিকিউরিটিজে’ বিনিয়োগ করছে। অর্থাৎ বেশি সুদে আমানত নিয়ে কম আয়ের সিকিউরিটিজে অর্থ খাটানোকেই বিনিয়োগ হিসেবে অভিহিত করছে বাংলাদেশ ব্যাংক। আর ব্যাংকের আওতাবহির্ভূত প্রতিবন্ধকতাগুলোর সমাধান না করে ‘নন ফান্ডেড বা নন ইন্টারেস্ট ইনকাম’-এর পক্ষে কথা বলছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংকগুলোর কিছু আয় হবে ঠিকই, কিন্তু শিল্পায়নের মতো অর্থনীতির প্রকৃত খাতের উপকার হবে না।
পাশাপাশি বাংলাদেশ ব্যাংক বলছে, বেসরকারি খাতে ঋণ দেওয়া বা না দেওয়া একটি ব্যাংকের ব্যবসায়িক সিদ্ধান্ত। অর্থাৎ ব্যাংকগুলোর কাজ হচ্ছে যেকোনোভাবে আয় করা, এতে কেন্দ্রীয় ব্যাংকের কোনো দায়দায়িত্ব নেই বলেই তারা মনে করে।