বাংলাদেশ ব্যাংকের ভল্টেই থাকছে ২৪টি সোনার বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির মামলায় জব্দ করা কোটি টাকা মূল্যের ২৪টি সোনার বার গয়না কারিগরের জিম্মায় দিতে চট্টগ্রাম মহানগর হাকিমের দেওয়া আদেশ গতকাল বৃহস্পতিবার স্থগিত করেছেন দায়রা জজ আদালত। সরকারি কৌঁসুলির করা রিভিশন মামলার (মহানগর হাকিমের দেওয়া আদেশ পুনর্বিবেচনা করা) পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর আংশিক শুনানি শেষে এ আদেশ দেন। ফলে সোনার বারগুলো বাংলাদেশ ব্যাংকের ভল্টেই থাকছে।
গয়নার কারিগর নারায়ণ কর্মকার ওই ডাকাতি মামলার বাদী। আবার এসব সোনার বার চোরাচালানের মাধ্যমে আনার অভিযোগে অন্য আরেকটি মামলার মূল আসামি। পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগপত্রও দিয়েছে। ডাকাতির মামলাটি সিআইডি এবং চোরাচালান মামলাটি তদন্ত করেছে থানার পুলিশ। অন৵দিকে ডাকাতির মামলায় সিআইডির প্রতিবেদনের ভিত্তিতে সোনার বারগুলো কারিগরের জিম্মায় দিতে এর আগে মহানগর আদালত আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, মহানগর হাকিমের দেওয়া আদেশ স্থগিত রাখার পাশাপাশি দায়রা জজ আদালত এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানির জন্য ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। সোনার বার বাদীর জিম্মায় দেওয়ার আদেশটি বাতিল করা হবে কি না, ওই দিন পূর্ণাঙ্গ শুনানি শেষে আদালত সিদ্ধান্ত জানাবেন। আগের আদেশটি স্থগিত হওয়ায় আপাতত সোনার বারগুলো বাংলাদেশ ব্যাংকের ভল্টেই থাকছে।
এ বছরের ১ জানুয়ারি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সোনার গয়না তৈরির দোকানের এক কর্মচারীর কাছ থেকে ২৮টি সোনার বার ছিনিয়ে নেন গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই আবুল হোসেনসহ ছয়জন। ওই রাতেই বিষয়টি পুলিশকে জানান গয়না তৈরির ওই দোকানের কারিগর নারায়ণ কর্মকার। এসব সোনার বার তিনি নিজের বলে দাবি করেন। এরপর ৩ জানুয়ারি রাতে এসআই আবুল হোসেনের (বর্তমানে সাময়িক বরখাস্ত) খুলশীর বাসা থেকে ২৪টি সোনার বার উদ্ধার করা হয়।
কিন্তু সোনার বার আমদানির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় নারায়ণ কর্মকার ও দোকান কর্মচারী সজল চৌধুরীকে আটক করে পুলিশ। ৪ জানুয়ারি নারায়ণ কর্মকার, তাঁর বড় ভাই কৃষ্ণ কর্মকার এবং সজল চৌধুরীর বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। এরপর ২৫ ফেব্রুয়ারি তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত অভিযোগপত্র আমলে নিয়েছেন।
পুলিশ জানায়, ডাকাতির মামলাটি কোতোয়ালি থানা থেকে গত ৬ এপ্রিল তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হয়। গত মে মাসে চোরাচালান মামলায় নারায়ণ কর্মকার জামিনে মুক্তি পেয়ে সোনার রবারগুলো তার জিম্মায় দেওয়ার আবেদন করেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে। এরপর সিআইডির প্রতিবেদনের ভিত্তিতে গত ১১ জুলাই আদালত ২০টি সোনার বার নারায়ণের জিম্মায় দেওয়ার আদেশ দেন। যদিও পরে সিআইডি অবস্থান পরিবর্তন করে আদালতে চিঠি দিয়ে জানায়, সোনার বারের মালিকানার বিষয়টি স্পষ্ট নয়।
পুলিশ জানায়, জব্দ করা ২৪টি সোনার বার এখন বাংলাদেশ ব্যাংকের ভল্টে রয়েছে। সোনার বারের তদন্ত নিয়ে পুলিশ ও সিআইডির পাল্টাপাল্টি অবস্থানের বিষয়ে গত সোমবার প্রথম আলোয় ‘২৪ সোনার বার নিয়ে রহস্য’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ডাকাতির মামলায় জব্দ করা ২৪টি সোনার বার একই সঙ্গে সোনা চোরাচালান মামলারও আলামত। এ মামলার আসামি গয়না তৈরির কারিগর নারায়ণ কর্মকার। সিআইডির প্রতিবেদনের ভিত্তিতে গত ১১ জুলাই চট্টগ্রাম মহানগর হাকিম আদালত সোনার বারগুলো নারায়ণ কর্মকারের জিম্মায় দেওয়ার আদেশ দেন। কিন্তু এসব সোনার বার চোরাচালানের মাধ্যমে আনার অভিযোগে নারায়ণের বিরুদ্ধে থানার পুলিশের করা চোরাচালান মামলার বিষয়টি আদালতে গোপন রাখে সিআইডি।
তবে ডাকাতির মামলার বাদী নারায়ণ কর্মকার গতকালও প্রথম আলোর কাছে দাবি করেন, সোনার রবারগুলো আমদানির বৈধ কাগজপত্র রয়েছে। ১৪ সেপ্টেম্বর শুনানির দিন তিনি এসব কাগজপত্র আদালতে উপস্থাপন করবেন।