বাংলাদেশ ব্যাংকের রোড শো তেঁতুলিয়ায় শেষ
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ‘উন্নয়নের অভিযাত্রা: রোড শো টেকনাফ থেকে তেঁতুলিয়া’ গতকাল শুক্রবার বিকেলে তেঁতুলিয়ায় শেষ হয়েছে। এর আগে রোড শোর শতাধিক গাড়িবহর বেলা পৌনে ১১টায় পঞ্চগড় শহরে এসে পৌঁছালে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রোড শোতে অংশগ্রহণকারীদের স্বাগত জানান পঞ্চগড়ের জেলা প্রশাসনের কর্মকর্তারা।বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক আমানতকারী সহস্রাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে এই বহর পঞ্চগড়ের বোদা উপজেলার সাতখামার এলাকা থেকে পঞ্চগড় শহরে আসেন। তাঁরা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ডসহ ঢাকঢোল পিটিয়ে রোড শোতে অংশ নেন।এ উপলক্ষে জেলার বিভিন্ন সড়ক ও স্থাপনা পোস্টার ও ব্যানারে সাজানো হয়েছে। উৎসবের শহরে পরিণত হয়েছে পঞ্চগড় শহর। রোড শো উপলক্ষে পঞ্চগড় ও তেঁতুলিয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।রোড শো উপলক্ষে পঞ্চগড় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে বেলা ১১টায় আলোচনা সভা এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের অংশগ্রহণে মেলার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় এসএমই অর্থায়ন, কৃষি খাতে বিনিয়োগ বিষয়ে সচেতনতা, মানি লন্ডারিং প্রতিরোধ এবং ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মু ফরীদ উদ্দীন আহমাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী ও জেলা প্রশাসক বনমালী ভৌমিক।প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মজাহারুল হক প্রধান বলেন, মানি লন্ডারিং, হুন্ডি প্রতিরোধসহ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রেরণে প্রবাসীদের উদ্বুদ্ধ করা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নসহ কৃষিঋণ বিষয়ে সচেতনতা বাড়াতে এই রোড শোতে প্রচার চালানো হয়। বিকেল তিনটায় রোড শোর গাড়িবহর তেঁতুলিয়ার দিকে রওনা দেয়। রোড শোর গাড়িবহর তেঁতুলিয়ায় পৌঁছালে ব্র্যাক ব্যাংকের উদ্যোগে বিকেল পাঁচটায় তেঁতুলিয়া পাইলট হাইস্কুল মাঠে রোড শোর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মুহায়মেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ানুল কবীর। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক বনমালী ভৌমিক, উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক বক্তব্য দেন।জিয়াউল হাসান সিদ্দিকী সমাপনী বক্তব্যে বলেন, এই রোড শোর মাধ্যমে আশাতীত সাফল্যের সঙ্গে দেশের কৃষক ও গ্রামপর্যায়ের উদ্যোক্তাদের কাছে কৃষিঋণ ও এসএমই ঋণসংক্রান্ত তথ্যাদি পৌঁছানো সম্ভব হয়েছে। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।