বাংলাদেশ ব্যাংকের সব শাখায় বাংলা ব্যবহার করতে হবে
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখায় সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার করতে হবে। ৫ মে ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনায় সই করেছেন ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নাসিরুজ্জামান।
সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনের বিষয়ে হাইকোর্ট বিভাগের অন্তর্বর্তী আদেশ বাস্তবায়নের জন্য ব্যাংকের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখাকে এ নির্দেশনা অনুসরণ ও মেনে চলতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নাসিরুজ্জামান টেলিফোনে প্রথম আলোকে বলেন, ব্যাংকের প্রধান কার্যালয় ও অন্যান্য শাখায় বেশির ভাগ কাজেই বাংলা ভাষার ব্যবহার করা হয়। তবে প্রাইভেট ব্যাংকগুলোর ক্ষেত্রে চিঠিপত্রসহ বিভিন্ন বিষয় লেখায় ইংরেজির প্রাধান্য বেশি থাকে। শুধু বিদেশি দূতাবাস বা বিদেশের সঙ্গে যোগাযোগ ছাড়া সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার হওয়া উচিত। এর আগেও ব্যাংকের সব শাখায় বাংলা ভাষা ব্যবহারের বিষয়ে উত্সাহিত করা হয়েছে। এবারই প্রথম লিখিতভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৩ এবং বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭-এর ৩ ধারা অনুযায়ী দেশের সব সরকারি অফিস, আদালত, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শুধু বিদেশের সঙ্গে যোগাযোগ ছাড়া অন্যান্য সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার করতে হবে। আইনটি শুধু কাগজে-কলমে থাকায় আইন বাস্তবায়নের বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায়।
গত ২৯ এপ্রিল বাংলা ভাষা প্রচলনসংক্রান্ত আদালতের নির্দেশ বাস্তবায়ন বিষয়ে ১৫ মের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনে নির্দেশনা চেয়ে ফেব্রুয়ারিতে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি একই বেঞ্চ রুলসহ আদেশ দেন। আদেশে এক মাসের মধ্যে দেশের সব সাইন বোর্ড, বিল বোর্ড, ব্যানার, গাড়ির নম্বর প্লেট, সরকারি দপ্তরের নামফলক (দূতাবাস, বিদেশি সংস্থা ও সংশ্লিষ্ট ক্ষেত্র ব্যতীত) ও ইলেকট্রনিক-প্রিন্ট মিডিয়ায় ইংরেজি বিজ্ঞাপন ও মিশ্র ভাষার ব্যবহার বন্ধে ব্যবস্থা গ্রহণ করে আদালতকে জানাতে নির্দেশ দেন। রুলে সব ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনের উদ্দেশ্যে অবিলম্বে কেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চাওয়া হয়। মন্ত্রিপরিষদ, আইন, স্বরাষ্ট্র, সংস্কৃতি, তথ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়।
তবে নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না বলে আদালত অবমাননার অভিযোগ এনে ছয় সচিবের বিরুদ্ধে গত ৬ এপ্রিল একটি আবেদন করেন রিট আবেদনকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ। পরে ৮ এপ্রিল রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রতিবেদন দাখিলের জন্য দুই সপ্তাহ সময় দেন। ২৯ এপ্রিল আবার সময় বাড়িয়ে ১৫ মের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত।