বাংলাদেশ ভবনের অগ্রগতি পরিদর্শনে হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ভবনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
গতকাল শনিবার হাইকমিশনার শান্তিনিকেতনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কলকাতায় নিযুক্ত উপহাইকমিশনার জকি আহাদ। সেখানে হাইকমিশনারসহ প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশ ভবনের নির্মাণকাজ ঘুরে দেখেন। পরে হাইকমিশনার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক স্বপন কুমার দত্তসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী বছরের অক্টোবর-নভেম্বর মাস নাগাদ ভবন নির্মাণের কাজ শেষ হবে।
ভবন নির্মাণের খরচ বহন করছে বাংলাদেশ সরকার। গত বছর দেওয়া হয়েছে ২৫ কোটি রুপি। বিশ্বভারতী কর্তৃপক্ষ ভবন নির্মাণের জন্য ২ বিঘা জমি বরাদ্দ করেছে।
২০১১ সালের সেপ্টেম্বর মাসে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণের প্রস্তাব গৃহীত হয়। জানা গেছে, বাংলাদেশ ভবনে থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধসংক্রান্ত নানা ইতিহাস, গ্রন্থাগার, মিলনায়তন, বাংলাদেশ সম্পর্কে গবেষণার নানা তথ্য, চিত্রশালা। থাকবে রবীন্দ্রনাথের বাংলাদেশে অবস্থানের নানা তথ্য, ইতিহাস, স্মারক ও চিত্র।