বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব ও এ অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধির বিষয়টিকে বিবেচনায় রেখে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের মধ্যে সহযোগিতা জোরদার করতে হবে। তবে এ অঞ্চলের যেকোনো সহযোগিতার উদ্যোগে ভারত ও বাংলাদেশ সহায়তা না করলে তা ফলপ্রসূ হবে না।
ভারতের আন্তর্জাতিক বিশ্লেষক সি রাজা মোহন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র (আইজিসিসি) মিলনায়তনে এক বক্তৃতায় এ অভিমত দেন। ‘ভারত-বাংলাদেশ: বঙ্গোপসাগরীয় জনগোষ্ঠী সৃষ্টি’ শীর্ষক ইন্ডিয়া-আইজিসিসির অতিথি বক্তৃতামালায় তিনি এ মন্তব্য করেন।
সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীরের পরিচালনায় বক্তৃতা অনুষ্ঠানে রাজা মোহন ছাড়াও বক্তৃতা দেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর কৌশলগতবিষয়ক সম্পাদক ব্রি. জে. (অব.) শাহেদুল আনাম খান।
ভারতের জাতীয় নিরাপত্তাবিষয়ক পরামর্শক পরিষদের সাবেক সদস্য রাজা মোহন বলেন, কৌশলগত প্রেক্ষাপটে বলা যায়, বাংলাদেশের সহায়তা ছাড়া ভারতের পক্ষে সফলভাবে প্রাচ্যমুখী নীতি বাস্তবায়ন করা সম্ভব হবে না। তা ছাড়া এ অঞ্চলে সহযোগিতার যে উদ্যোগই নেওয়া হোক না কেন, ভারত ও বাংলাদেশের সহযোগিতা না থাকলে তা কার্যকর হবে না। বঙ্গোপসাগরের অপার সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের মধ্যে সহযোগিতা গড়ে তোলা প্রয়োজন৷