বাংলাদেশ-ভারত চুক্তির দ্রুত বাস্তবায়নের আহবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী দুটি দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি এবং নয়াদিল্লির দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল বুধবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় রাজভবনে ভারতের উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারির সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান।প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, তাঁরা বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে হামিদ আনসারি এ অঞ্চলের দারিদ্র্য বিমোচনে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, পারস্পরিক সহযোগিতা ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন সম্ভব নয়।শেখ হাসিনা গতকাল তাঁর দুই দিনের সরকারি সফরে ত্রিপুরায় এসে পৌঁছান। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ভারতীয় সময় বেলা তিনটা ১০ মিনিটে সিঙ্গেরবিল বিমানবন্দরে অবতরণ করে।ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবাল, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার ও শিল্পমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী শেখ হাসিনাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ত্রিপুরার রাজ্যপাল ডি. যশবন্ত রাও পাতিল ও মুখ্যমন্ত্রী মানিক সরকার সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তাঁর সরকারের কঠোর অবস্থান গ্রহণের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য বাংলাদেশ তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।বৈঠকে প্রধানমন্ত্রী অস্ত্র ও মাদক চোরাচালান, জাল নোট এবং নারী ও শিশু পাচার রোধে ভারত-বাংলাদেশের মধ্যে সীমান্ত সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আখাউড়া-আগরতলা রেল যোগাযোগ স্থাপন দ্রুত বাস্তবায়ন, ফেনী নদীর ওপর ব্রিজ নির্মাণ এবং পাশাপাশি ত্রিপুরাসহ ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।এ ছাড়া ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী কপিল সিবালও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।এর আগে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের ব্যবসায়ী নেতাদের এক বৈঠকে বক্তব্য দেন। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক কালে নতুন দিগন্তের সূচনা হয়েছে উল্লেখ করে দুই দেশের পারস্পরিক কল্যাণে এ সুযোগ যাতে বিফলে না যায়, সেদিকে প্রত্যেককে সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার বিশাল ক্ষেত্র বিদ্যমান। সত্যিকার সহযোগিতা তখনই সম্ভব, যখন রাজনৈতিক সদিচ্ছা থাকে।’ তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক সদিচ্ছাকে কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ী নেতারা এগিয়ে আসবেন, যাতে বাংলাদেশ ও ভারতের, বিশেষ করে ত্রিপুরার জনগণ লাভবান হয়।শেখ হাসিনা ত্রিপুরার ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশ থেকে অধিক হারে পণ্য আমদানির অনুরোধ জানান। পাশাপাশি ভারতের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানান, যাতে উভয় দেশের জনগণ লাভবান হয়। বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে হাট বসানোর ব্যাপারেও উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এর ফলে উভয় দেশের উৎপাদনকারীরা ন্যায্যমূল্যে তাঁদের পণ্য বিক্রি করতে পারবেন।শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ও ত্রিপুরার মধ্যে বন্ধুত্বের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। আমাদের ভাষা, সংস্কৃতি, জাতিসত্তা এবং মূল্যবোধও প্রায় একই। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরাবাসী এই বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছেন।’ তিনি বলেন, ‘বাংলাদেশের লাখ লাখ উদ্বাস্তুকে এ রাজ্যের মানুষ আশ্রয় দিয়েছেন। তাঁরা খাদ্য, বস্ত্র, বাসস্থান দিয়ে অসহায় মানুষকে সাহায্য করেছেন। আমাদের অনেক মুক্তিযোদ্ধা চিরদিনের জন্য শায়িত আছেন ত্রিপুরার মাটিতে।’প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার ত্রিপুরার সেন্ট্রাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এই বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করবে। ভারতের উপ-রাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারি প্রধানমন্ত্রীর হাতে এই ডিগ্রি তুলে দেবেন। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম ত্রিপুরা সফর। বাসস।