বাংলাদেশ-ভারত নৌ-ট্রানজিট চুক্তির মেয়াদ ১ বছর বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের নৌ-ট্রানজিট ও বাণিজ্য প্রটোকলের (পিআইডব্লিউটিটি) মেয়াদ এক বছর বাড়ছে। ভারতের পক্ষ থেকে বিদ্যমান প্রটোকলটি পাঁচ বছর মেয়াদে নবায়নের প্রস্তাব ছিল। কিন্তু বাংলাদেশ এটি এক বছরের জন্য নবায়ন করতে চাইছে। প্রটোকলের মেয়াদ নবায়নসংক্রান্ত দুই দিনের বৈঠক আজ শনিবার থেকে ভারতের গোয়ায় শুরু হচ্ছে।ভারতে নৌ, সড়ক ও রেলপথে ট্রানজিট দেওয়ার বিষয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। এই ট্রানজিট চালু হয়ে গেলে আগামী কয়েক বছরে ভারতীয় পণ্য পরিবহন ব্যাপকভাবে বাড়বে। নৌপরিবহন মন্ত্র্রণালয়ের সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা বলছেন, ট্রানজিটের মাশুল, রুট ও অর্থনৈতিক প্রভাবসহ বিভিন্ন বিষয় চূড়ান্ত করার আগে প্রটোকলটি এক বছর মেয়াদে নবায়নই যৌক্তিক হবে।গোয়ায় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার। আর ভারতের নেতৃত্বে থাকছেন সে দেশের নৌপরিবহনসচিব কে মোহন দাস। বৈঠকে যোগ দিতে বাংলাদেশের প্রতিনিধিদল গতকাল শুক্রবার দুপুরে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে।জানতে চাইলে সচিব আবদুল মান্নান হাওলাদার গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রটোকলের মেয়াদ আগামী ৩১ মার্চ শেষ হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এটি নবায়নের প্রসঙ্গটি বৈঠকের মূল আলোচনার বিষয়। এ ছাড়া নৌপথের নাব্য বজায় রাখতে ভারত যে টাকা দেয়, তা বাড়ানোর বিষয়সহ খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে কথা হবে।’নৌ-ট্রানজিট কত বছরের জন্য নবায়ন করা হচ্ছে, জানতে চাইলে নৌপরিবহনসচিব বলেন, ‘ভারতের পক্ষ থেকে আবারও পাঁচ বছরের জন্য নবায়নের প্রস্তাব দেওয়া হয়। তবে আমরা এখনই এত দীর্ঘ মেয়াদে প্রটোকলটি নবায়ন করতে যাচ্ছি না।’ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, পাঁচ বছরের জন্য প্রটোকল নবায়নের জন্য ভারতের প্রস্তাব সম্পর্কে বিভিন্ন মন্ত্রণালয়ের মত চাওয়া হয়। অধিকাংশ মন্ত্রণালয় এটি এক বছরের জন্য করার পক্ষে মত দেয়। নৌপরিবহনসচিব বলেন, বিভিন্ন মন্ত্রণালয় প্রটোকলটি এক বছরের জন্য নবায়নের পক্ষে মত দিয়েছে। তা ছাড়া এটি বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তির আওতায় একটি প্রটোকল। বাণিজ্য চুক্তির মেয়াদ আগামী বছরের মার্চে শেষ হচ্ছে, তাই প্রটোকল ওই সময় পর্যন্তই নবায়ন করতে চায় বাংলাদেশ।সংশ্লিষ্ট অন্য এক কর্মকর্তা মনে করেন, সরকার ভারতকে নৌ, সড়ক ও রেলপথে ট্রানজিট দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা চালু হয়ে গেলে আগামী কয়েক বছরে ভারতীয় পণ্য পরিবহন ব্যাপকভাবে বাড়বে। কাজেই প্রটোকল দীর্ঘ মেয়াদে নবায়ন করা হলে ট্রানজিট দিয়ে যে অর্থনৈতিক সুফল পাওয়ার কথা, তা থেকে বাংলাদেশ বঞ্চিত হবে।আবার শুল্ক কর্মকর্তারা মনে করেন, নৌ-প্রটোকল দীর্ঘ মেয়াদে নবায়ন করা হলে আগামী পাঁচ বছর নতুন করে নৌপথে পণ্য পরিবহনের জন্য কোনো মাশুল পাওয়া যাবে না। নৌপথে পণ্য পরিবহন বাড়লেও এর সুফল পাবে না বাংলাদেশ। কেননা, ট্রানজিট ও ট্রানশিপমেন্ট বিধিমালা স্থগিত করায় ট্রানজিট মাশুল নেওয়ার কোনো সুযোগ নেই। গোয়ায় অনুষ্ঠেয় বৈঠকে প্রটোকল নবায়নের পাশাপাশি এর আওতায় নৌপথের নাব্য বজায় রাখতে ভারত প্রতিবছর যে অর্থ দেয়, তা বাড়ানোর বিষয়টি চূড়ান্ত হবে। বর্তমানে বাংলাদেশকে বছরে সোয়া চার কোটি টাকা দেয় ভারত। আগামী বছর থেকে তারা সাড়ে পাঁচ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে।১৯৭২ সালে সই হওয়া নবায়নযোগ্য এ প্রটোকলের মেয়াদ ছিল দুই বছর। প্রতি দুই বছর পরপর এর মেয়াদ বাড়ানো হতো। সর্বশেষ ২০০৯ সালের ২৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে প্রটোকলের মেয়াদ দুই বছরের জন্য বাড়ানো হয়। ওই বছরের ১ এপ্রিল থেকে তা কার্যকর হয়। নৌ-ট্রানজিটের আওতায় চারটি রুট থাকলেও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত রুট শেখবাড়িয়া থেকে চাঁদপুর ও আশুগঞ্জ হয়ে সিলেটের জকিগঞ্জ রুটটিই বেশি ব্যবহূত হয়। গত বছরের ৩১ মে প্রটোকলে সংশোধন এনে আশুগঞ্জকে পঞ্চম রুট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তবে অবকাঠামো উন্নয়নের কাজ শেষ না হওয়ায় ওই নৌবন্দরটি এখনো প্রটোকলের আওতায় ব্যবহূত হচ্ছে না।