বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক ৭ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি শীর্ষ বৈঠকের যৌথ ঘোষণার বাস্তবায়ন পর্যালোচনার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে বাংলাদেশ-ভারত দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে। এর আগে আগামী ৭ জুলাই ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল রোববার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্ত মন্ত্রণালয় সভায় আসন্ন বৈঠকের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। বৈঠকে মূলত দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় এখন কী অবস্থায় আছে, তার মূল্যায়ন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে স্বরাষ্ট্র, পানিসম্পদ, নৌপরিবহন, বাণিজ্য, অর্থ, বিদ্যুৎসহ ১৯টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠকের একটি সূত্র গতকাল প্রথম আলোকে জানান, দুই প্রধানমন্ত্রীর বৈঠকের সিদ্ধান্তগুলো গত দেড় বছরে কতটা বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতামত নেওয়া হয়। বিশেষ করে ১০০ কোটি ডলারের ঋণ চুক্তি, তিস্তার পানি বণ্টন চুক্তি, সীমান্ত সমস্যা, ট্রানজিট, বিদ্যুৎ, বাণিজ্য-বৈষম্য বিলোপ, নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ের সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয় আন্ত মন্ত্রণালয় বৈঠকে। এতে সহযোগিতার বিভিন্ন বিষয়ে প্রতিবন্ধকতাগুলো কী, তা নিয়ে আলোচনা হয়। এ প্রেক্ষাপটে ৭ জুলাই বাংলাদেশের পক্ষ থেকে সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিবন্ধকতাগুলো উত্থাপনের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।অন্য একটি সূত্র জানায়, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন বাংলাদেশ সফরের সময় নতুন কোন কোন ক্ষেত্র নিয়ে সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে, সেটিও আলোচনায় এসেছে গতকালের বৈঠকে।বৈঠকে জানানো হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ৬ থেকে ৮ জুলাই ঢাকা সফরে আসবেন। ওই সফরের পর ঢাকায় আসবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম ও পানিসম্পদমন্ত্রী সালমান খুরশিদ।