তিস্তা চুক্তি সই, ’৭৪-এর সীমান্ত প্রোটোকল বাস্তবায়নসহ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিবেরা আজ রোববার ঢাকায় বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় এ আলোচনায় ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন বৈঠকের প্রস্তুতির প্রসঙ্গগুলো আসবে। জানতে চাইলে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, অমীমাংসিত বিষয়ের পাশাপাশি দ্বিপক্ষীয় সব প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে। এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীদের নেতৃত্বে অনুষ্ঠেয় যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) বৈঠক নিয়ে আলোচনা হবে। শহীদুল হক বলেন, অমীমাংসিত বিষয়গুলো সুরাহার বিষয়ে কথা হবে। পাশাপাশি গত বছরের ৮ মে দিল্লিতে অনুষ্ঠিত জেসিসি বৈঠকে নেওয়া সিদ্ধান্ত পর্যালোচনা হবে। ভারতের রাষ্ট্রপতির আসন্ন ঢাকা সফর নিয়েও কথা হবে। সচিবদের বৈঠকের পর দুই দেশের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব। এর আওতায় এক দেশের কূটনীতিকেরা অন্য দেশের প্রশিক্ষণকেন্দ্রে পেশাগত প্রশিক্ষণ নেওয়ার সুবিধা পাবেন।ঢাকায় রঞ্জন মাথাই: বৈঠকে অংশ নিতে ভারতের পররাষ্ট্রসচিব রঞ্জন মাথাই গতকাল শনিবার দুপুরে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।সফরের প্রথম দিনে রঞ্জন মাথাই বিকেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর সঙ্গে তাঁর বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। এ বিষয়ে জানতে চাইলে গওহর রিজভী প্রথম আলোকে বলেন, ‘তিনি (রঞ্জন মাথাই) আমার বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। বিশেষভাবে কোনো আলোচনা হয়নি।’রাতে বাংলাদেশের পররাষ্ট্রসচিবের দেওয়া এক নৈশভোজে যোগ দেন রঞ্জন মাথাই। ভারতীয় হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরের সময় ভারতের পররাষ্ট্রসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং রেলমন্ত্রী মো. মুজিবুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রসঙ্গত, ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে রঞ্জন মাথাইয়ের বাংলাদেশে এটি প্রথম আনুষ্ঠানিক সফর। এর আগে ২০১১ সালের জুনে ঢাকা সফর করেন ভারতের তৎকালীন পররাষ্ট্রসচিব নিরুপমা রাও।