বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি শিগগিরই হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে শিগগিরই প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। ভারতের মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ-ভারতের সম্মতিতে হওয়া বিভিন্ন প্রকল্প পরিদর্শন করতে গিয়ে গতকাল বুধবার পঙ্কজ শরণ এ কথা বলেন।পঙ্কজ শরণ বলেন, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হলে প্রতিবেশী এই দুই দেশের নিরাপত্তা পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর যৌথ পরামর্শক কমিটির গত বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নয়াদিল্লিতে গত ৮ মে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ এমন একটি চুক্তি নিয়ে আলোচনা চালাতে প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছে। ভারতে প্রতিনিধিদল পাঠিয়ে প্রত্যর্পণ চুক্তি নিয়ে সরাসরি কথা বলার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ।ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি হলে নিরাপত্তার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে—এটা নিশ্চিত। তাই আমাদের পক্ষ থেকে যত তাড়াতাড়ি সম্ভব এই চুক্তি করার আগ্রহ রয়েছে। আমাদের দৃষ্টিতে এই চুক্তি দুই দেশের জন্য ভালো হবে।’প্রস্তাবিত চুক্তি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে ভারতীয় কর্তৃপক্ষকে সাহায্য করবে। বাংলাদেশে লুকিয়ে থাকা ও গ্রেপ্তার হওয়া বিচ্ছিন্নতাবাদীদের ভারতে ফেরত নেওয়া সম্ভব হবে। নিষিদ্ধ ঘোষিত ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (ইউএলএফএ) জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়া ১৯৯৭ সাল থেকে ঢাকার একটি কারাগারে বন্দী রয়েছেন। চুক্তি হলে চেটিয়াসহ এমন ব্যক্তিদের ফেরত পাবে ভারত। আইএএনএস।