বাংলাদেশ-ভারত বাণিজ্য ও নৌপরিবহন চুক্তি নবায়নের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যিক চুক্তি কোনো সংশোধনী ছাড়াই আরও তিন বছরের জন্য নবায়ন করতে সম্মত হয়েছে। এ ছাড়া দেশ দুটি নৌপরিবহন চুক্তি দুই বছরের জন্য নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩১ মার্চ এ দুটি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্যোগ ভবনে বাংলাদেশ ও ভারতের দুই দিনব্যাপী বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠকের প্রথম দিনে গতকাল বুধবার এসব সিদ্ধান্ত হয়।এ দুটি সিদ্ধান্তের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আজ বৃহস্পতিবার বৈঠকের শেষ দিনে আসতে পারে। বাংলাদেশের বাণিজ্যসচিব গোলাম হোসেন ও ভারতের বাণিজ্যসচিব রাহুল খুল্লার এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দিতে পারেন। দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য চুক্তি ২০০৯ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হয়।ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যসচিব পর্যায়ের এ বৈঠক দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হচ্ছে। এর আগে দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় ২০০৩ সালের মার্চ মাসে। গতকালের বৈঠকের পর বাণিজ্যসচিব গোলাম হোসেন ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন।