বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তি আরও তিন বছরের জন্য নবায়ন
বাংলাদেশ ও ভারত পত্রবিনিময়ের মাধ্যমে আরও তিন বছরের জন্য বাণিজ্য চুক্তি নবায়ন করেছে। গতকাল বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লিতে দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।বাংলাদেশের বাণিজ্যসচিব গোলাম হোসেন ও ভারতের বাণিজ্যসচিব রাহুল খুল্লার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। উভয় সচিবই বৈঠককে ফলপ্রসূ দাবি করে বলেন, দীর্ঘ আট বছর পর এ ধরনের বৈঠক উভয় দেশের ইতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ। বৈঠক সূত্রে জানা গেছে, নৌপরিবহন চুক্তি নবায়নের কথা থাকলেও সময়ের স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি। তবে উভয় পক্ষ কিছুদিনের মধ্যে এ ব্যাপারে নতুন করে বৈঠকে বসবে। সংবাদ সম্মেলনে উভয় সচিব জানান, ভারতের ত্রিপুরা রাজ্যে আরও চারটি সীমান্ত হাট করার ব্যাপারে তাঁরা একমত হয়েছেন। ভারত-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি-সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে ভারতের বাণিজ্যসচিব বলেন, নয়াদিল্লি মাত্র ২৫টি পণ্য ছাড়া সব পণ্যের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ায় ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে।এ ব্যাপারে বাংলাদেশের বাণিজ্যসচিব বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বছরে প্রায় ৪০০ কোটি ডলারের ব্যবসা হয়। বাংলাদেশ বেশির ভাগ পণ্যই ভারত থেকে আমদানি করে থাকে। তবে ভারত থেকে কোনো বিলাসদ্রব্য আমদানি করা হয় না। কেবল মেশিনপত্র ও শিল্পের কাঁচামাল আমদানি করা হয়।বৈঠক সূত্র জানায়, বাংলাদেশ ভারতকে হঠাৎ করে পণ্য রপ্তানি বন্ধ না করার জন্য অনুরোধ জানিয়েছে। বৈঠকে বাংলাদেশ ভারত থেকে বছরে ২০ লাখ বেল সুতা আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে ভারতীয় পক্ষ থেকে বলা হয়, ভারতের কটন বোর্ড ও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বাসস।