বাংলাদেশ-ভারত বাণিজ্য গতিশীল করতে ভারতের পেট্রাপোলে আন্তর্জাতিক মানের সুসংহত (ইন্টিগ্রেটেড) চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। এ চেকপোস্ট স্থাপিত হলে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয় দেশের নেতারা।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চেকপোস্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অনুষ্ঠানে বক্তব্য দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপহাইকমিশনার মোস্তাফিজুর রহমান, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, যশোর-১ (শার্শা) আসনের সাংসদ শেখ আফিল উদ্দীন, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ প্রমুখ।পি চিদাম্বরম বলেন, চেকপোস্ট নির্মিত হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহন আরও সহজ হবে। দুই দেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য আরও বৃদ্ধি পাবে। দুই দেশের নাগরিকদের যাতায়াত সহজ হবে। তিনি বলেন, ভারতীয় সীমান্তে এ ধরনের ১৩টি চেকপোস্ট নির্মাণ করা হবে। এর সাতটি চেকপোস্টই হবে ভারত-বাংলাদেশ সীমান্তে। ১৭ মাসের মধ্যে এ চেকপোস্ট নির্মিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘বাংলাদেশ আমাদের ভালো বন্ধু। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষা এক, দর্শন এক, চিন্তাধারা এক। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতেই তিনি বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গী হবেন।’ বেনাপোলে ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, পেট্রাপোলে ওই চেকপোস্ট নির্মিত হলে দুই দেশের বাণিজ্য আরও গতিশীল হবে, দুই দেশের পারস্পরিক সম্পর্কেরও উন্নতি হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশি যেসব পণ্য ভারতে রপ্তানির ক্ষেত্রে বাধা রয়েছে, দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে তা সুরাহা করা হবে। পৃথক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত এলাকায় বিএসএফ আর কোনো গুলি চালাবে না। ভারতের সরকারি সূত্রে বলা হয়, এই চেকপোস্টে যাত্রী টার্মিনাল, মুদ্রা বিনিময় কেন্দ্র, ইন্টারনেট ব্যবস্থা, পণ্য পরিবহনের কাগজপত্র পরীক্ষার দপ্তর, ওয়্যার হাউস, ব্যাংক, স্ক্যানার, পার্কিংসহ নানা সুযোগ-সুবিধা থাকবে।