বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সহযোগিতা কমিটির বৈঠক বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ খাতে সহযোগিতাবিষয়ক বাংলাদেশ-ভারত যৌথ সমন্বয় কমিটির পঞ্চম বৈঠক আগামী বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। এ বৈঠকে যোগ দিতে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের বিদ্যুৎ-সচিব পি উমা শঙ্কর। ঢাকায় ভারতীয় এক কূটনীতিক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, দুই দেশের বিদ্যুৎ-সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে বিদ্যুৎ খাতে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার প্রক্রিয়ার অগ্রগতি এবং খুলনার রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে পর্যালোচনা করা হবে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী জুলাইয়ের চূড়ান্ত সময়সীমাকে কেন্দ্র করে ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে চলছে। বিশেষ করে কুষ্টিয়ার ভেড়ামারায় সঞ্চালন লাইন তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া গ্রিড উপকেন্দ্রের কাজের অগ্রগতি সন্তোষজনক পর্যায়ে।ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ঢাকা সফর করবেন উমা শঙ্কর। এ সময় তিনি ভারতের বিদ্যুৎ খাতের এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এই সফরের সময় তিনি বিদ্যুৎ সহযোগিতাবিষয়ক বাংলাদেশ-ভারত যৌথ সমন্বয় কমিটির পঞ্চম বৈঠকে ভারতের নেতৃত্ব দেবেন।জানা গেছে, ভারতের বিদ্যুৎ-সচিব উমা শঙ্কর কাল বুধবার রামপাল ও ভেড়ামারা সফর করবেন।