বাংলাদেশ-ভারত মৈত্রী বৈঠক আজ
বাংলাদেশ ও ভারতের মধ্যে ষষ্ঠ পর্যায়ের মৈত্রী বৈঠক শুরু হচ্ছে আজ শুক্রবার। দুই দিনের এ বৈঠকের আয়োজক ইন্ডিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ হাইকমিশন ও ফ্রেন্ডস অব বাংলাদেশ। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি ঘটানোই এই মৈত্রী আলোচনার উদ্দেশ্য। দীর্ঘ প্রতীক্ষিত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে এ বৈঠক আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
মৈত্রী বৈঠকে যোগ দিতে ভারতে আসছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভারতের দিক থেকে অন্তত তিনজন কেন্দ্রীয় মন্ত্রী আলোচনায় অংশ নেবেন। তাঁরা হলেন যোগাযোগমন্ত্রী নিতিন গড়কড়ি, রেলমন্ত্রী সুরেশ প্রভু এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু। আলোচনা শুরু হবে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর স্বাগত ভাষণের মধ্য দিয়ে।
তিনটি বিষয় শুক্র ও শনিবারের আলোচনায় উঠে আসবে। নিরাপত্তা, যোগাযোগব্যবস্থা এবং বিদ্যুৎ ও পানি নিরাপত্তা। নিরাপত্তা বিষয়ের পাশাপাশি চলে আসে সীমান্ত ব্যবস্থাপনা। দ্বিতীয় দিনের শুরুতেই এই আলোচনায় সভাপতিত্ব করবেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু। অংশ নেবেন রাজস্থানের যোধপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সীমান্তরক্ষী বাহিনীর সাবেক পরিচালক এম এল কুমাওয়াত, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশিদ, অবসরপ্রাপ্ত লে. জেনারেল আফসার করিম, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের পরিচালক শ্রীরাধা দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুরুল ইসলাম, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও ফ্রেন্ডস অব বাংলাদেশের ইন্ডিয়া চ্যাপ্টারের সহসভাপতি সত্যম রায়চৌধুরি।
যোগাযোগব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা শুরু করবেন সাবেক কূটনীতিক বীণা সিক্রি। দক্ষিণ এশিয়ার জন্য পানি ও বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিত করা আলোচনার তৃতীয় বিষয়।
মৈত্রী বৈঠকের শেষ পর্যায়ে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে মতামত রাখবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
মৈত্রী আলোচনার ব্যবস্থাপক ও ফ্রেন্ডস অব বাংলাদেশের ঢাকা চ্যাপ্টারের সচিব এ এস এম শামসুল আরেফিন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ও ভারতের মৈত্রী বন্ধন যত দৃঢ় হবে, দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নও তত ত্বরান্বিত হবে।