বাংলাদেশ-ভারত মৈত্রী বৈঠক শুরু হচ্ছে কাল
বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী বৈঠক শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতি ঘটানোই এই মৈত্রী আলোচনার উদ্দেশ্য। দীর্ঘ প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের পরিপ্রেক্ষিতে এ বৈঠক আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দুদিনের এ বৈঠকের আয়োজক ইন্ডিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ হাইকমিশন ও ফ্রেন্ডস অব বাংলাদেশ।
মৈত্রী বৈঠকে যোগ দিতে ভারতে গেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভারতের পক্ষ থেকে অন্তত তিনজন কেন্দ্রীয় মন্ত্রী মৈত্রী আলোচনায় অংশ নেবেন। তাঁরা হলেন যোগাযোগমন্ত্রী নিতিন গড়কড়ি, রেলমন্ত্রী সুরেশ প্রভু ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু। মৈত্রী আলোচনা শুরু হবে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলির স্বাগত ভাষণের মধ্য দিয়ে।
ভারত ও বাংলাদেশের মধ্যে সর্বস্তরে সহযোগিতা বাড়াতে কলকাতায় দুই বছর আগে মৈত্রী বৈঠক শুরু হয়েছিল। দ্বিতীয় বৈঠক হয় ঢাকায়। তৃতীয় বৈঠক বসে কলকাতায়। চতুর্থটি আগরতলায় ও পঞ্চম বৈঠক হয়েছিল দিল্লিতে। পঞ্চম ও ষষ্ঠ বৈঠকের মধ্যবর্তী সময়ে দুই দেশের সমুদ্রসীমা ও স্থল সীমান্ত নির্দিষ্ট হয়ে যাওয়ায় সহযোগিতার ক্ষেত্র বিস্তারের সম্ভাবনা আরও বেড়ে গেছে। সেই সম্ভাবনা দুই দেশের মৈত্রী বন্ধনকে কীভাবে আরও দৃঢ় করতে পারে, দুই দিনের আলোচনায় সেগুলোই উঠে আসবে।
প্রধানত তিনটি বিষয় শুক্র ও শনিবারের আলোচনায় উঠে আসবে। এগুলো হলো নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ ও পানি নিরাপত্তা। নিরাপত্তা বিষয়ের পাশাপাশি চলে আসে সীমান্ত ব্যবস্থাপনা। দ্বিতীয় দিনের শুরুতে এই আলোচনায় সভাপতিত্ব করবেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু। আলোচনায় অংশ নেবেন রাজস্থানের যোধপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সীমান্তরক্ষী বাহিনীর সাবেক পরিচালক এম এল কুমাওয়াত, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুর রশিদ, অবসরপ্রাপ্ত লে. জেনারেল আফসার করিম, মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজের পরিচালক শ্রীরাধা দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল ও ফ্রেন্ডস অব বাংলাদেশের ইন্ডিয়া চ্যাপ্টারের সহসভাপতি সত্যম রায় চৌধুরী।
যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা শুরু করবেন সাবেক কূটনীতিক বীণা সিক্রি। আলোচনায় অংশ নেবেন সাবেক তথ্য কমিশনার রাষ্ট্রদূত মুহম্মদ জামির, অধ্যাপক প্রবীর দে, অধ্যাপক নিশা তানেজা, গবেষক স্মৃতি পট্টনায়ক, ঢাকা স্কুল অব ইকোনমিকসের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ ও বাংলাদেশের সাংসদ পঙ্কজ দেবনাথ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরে যোগাযোগ ও ট্রানজিট ক্ষেত্রে একাধিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। যোগাযোগ ক্ষেত্রে সহযোগিতা এই উপমহাদেশের পক্ষে কতখানি প্রয়োজনীয় এই পর্যায়ের আলোচনায় তা উঠে আসবে।
মৈত্রী বৈঠকের শেষ পর্যায়ে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ে মতামত দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠক শেষে গৃহীত হবে দিল্লি ঘোষণাপত্র।
মৈত্রী আলোচনার ব্যবস্থাপক ও ফ্রেন্ডস অব বাংলাদেশের ঢাকা চ্যাপ্টারের সচিব এ এস এম শামসুল আরেফিন আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, বাংলাদেশ ও ভারতের মৈত্রী বন্ধন যত দৃঢ় হবে, দক্ষিণ এশিয়ার সার্বিক উন্নয়নও তত ত্বরান্বিত হবে। গণতন্ত্র আরও প্রোথিত হবে।