বাংলাদেশ-ভারত সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি কেরির কাছে দৃষ্টান্ত
বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে স্থায়ী সালিসি আদালতের রায় মেনে নিতে ভারতের সিদ্ধান্তকে ‘অনন্য’ হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ ধরনের নীতি আইনের শাসনকে সমর্থন করে বলেও তাঁর মত।
জন কেরি গতকাল বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লির ইন্ডিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আইআইটি) ছাত্রদের সঙ্গে মতবিনিময়ের সময় এ অভিমত দেন বলে জানায় ভারতের সংবাদভিত্তিক টিভি চ্যানেল এনডিটিভি।
দুই দিনের সফরে জন কেরি গত সোমবার ঢাকা থেকে দিল্লি যান।
জন কেরি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় ভারত যেভাবে মেনে নিয়েছে, তা নিয়ে আমরা আলোচনা করেছি, যা সত্যি অনন্য। এ ধরনের নীতি আইনের শাসনকে সমর্থন করে, আমাদের মাঝে নৈকট্য সৃষ্টি করে। আমার মতে, এটির মধ্যে আস্থা ও দায়িত্বশীলতার প্রতিফলন ঘটে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি সম্ভাব্য বিপজ্জনক বিরোধ কীভাবে পরিপক্বতা ও শান্তিপূর্ণ উপায়ে মেটানো যায়, তার একটি দৃষ্টান্ত। বিশেষ করে দক্ষিণ চীন সাগরের বিষয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চূড়ান্ত ও বাধ্যতামূলক রায়, যা চীন ও ফিলিপাইন দুই দেশকে মানতে যুক্তরাষ্ট্র আহ্বান জানায়।
হেগের স্থায়ী সালিসি আদালত ২০১৪ সালের ৮ জুলাই বাংলাদেশের সঙ্গে ভারতের সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির রায় দেয়। ওই রায়ে বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার এলাকার মধ্যে ১৯ হাজার ৪৬৭ কিলোমিটার বাংলাদেশ পেয়েছে।
এদিকে জন কেরি তাঁর বাংলাদেশ সফরে গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি।
মার্কিন মুখপাত্র গতকাল ওয়াশিংটনে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন।
জন কারবি জানান, জন কেরি ঢাকা সফরে সন্ত্রাসবাদ দমন, জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকারের অগ্রগতি নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র কী ধরনের অগ্রগতি দেখতে চায়, সেটি জন কেরি স্পষ্ট করেছেন।