বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক আনিসুজ্জামানকে (ডানে) উত্তরীয় পরিয়ে দিচ্ছেন পঙ্কজ সরন। পাশে সৈয়দ মনজুরুল ইসলাম । ছবি: প্রথম আলো
অধ্যাপক আনিসুজ্জামানকে (ডানে) উত্তরীয় পরিয়ে দিচ্ছেন পঙ্কজ সরন। পাশে সৈয়দ মনজুরুল ইসলাম । ছবি: প্রথম আলো

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নততর হয়েছে। দুই দেশের মধ্যকার বিরাজমান সমস্যাগুলোরও অবসান হবে।
রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে আনিসুজ্জামান এ আশাবাদ ব্যক্ত করেন। ভারত সরকারের পদ্মভূষণ পুরস্কার পাওয়া উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশন। গত ৩১ মার্চ আনিসুজ্জামানের হাতে সে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার তুলে দেয় ভারত সরকার।
পদ্মভূষণ পুরস্কার দুই দেশের সম্পর্ক জোরদার করবে মন্তব্য করে আনিসুজ্জামান বলেন, সম্পর্ক উন্নততর করার আরও পথ আছে। দুই দেশের মানুষ আরও কাছাকাছি এলে, একে অন্যকে আরও জানলে সম্পর্ক ভালো হবে। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সবার মঙ্গল করার যে উপদেশ, তা তিনি মেনে চলেন।
অনুষ্ঠানের শুরুতে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, সাহিত্য ও শিক্ষায় অবদানের জন্য ভারত সরকার আনিসুজ্জামানকে এ পুরস্কার দিয়েছে। তিনি বাংলাদেশ ও ভারতের মানুষের অনুপ্রেরণার উৎস। গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার জন্য তিনি নিরন্তর কাজ করে যাচ্ছেন। আনিসুজ্জামান প্রথম বাংলাদেশি, যাঁকে ভারত সরকার এ পুরস্কার দিয়েছে।
দুই দেশের জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মন্ত্রিসভার একাধিক সদস্য, সাংসদ, সচিব, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জ্যেষ্ঠ সাংবাদিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আনিসুজ্জামানের প্রখর স্মৃতিশক্তির ও সূক্ষ্ম রসবোধের উদাহরণ তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, কয়েক দশক ধরে আনিসুজ্জামান এ দেশে সচেতকের ভূমিকা পালন করে চলেছেন। তাঁর সংস্পর্শে আসলে শ্রেয়বোধ জাগ্রত হয়।