বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতির জন্য দুই দেশের মধ্যে নিরাপত্তা-সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে এই পরামর্শ দিয়েছে নিরাপত্তাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’ (বিআইপিএসএস)। খবর বাসসের।প্রতিবেদনে বলা হয়েছে, ‘শুধু সন্ত্রাসবাদ মোকাবিলায় নয়, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি নিরাপদ পরিবেশ তৈরির জন্য নিরাপত্তার ক্ষেত্রে কার্যকর সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের সফরের তিন দিন আগে এমন পরামর্শ দিল বিআইপিএসএস। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ‘হাসিনার সফরের সময় ভারতের দিক থেকে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে সম্ভবত নিরাপত্তা। এ ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে নিজেদের নিরাপত্তার উদ্বেগের বিষয়টিও গুরুত্বসহকারে তুলে ধরা উচিত।’প্রতিবেদনে আরও বলা হয়, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার স্বার্থে ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি অনুধাবন করা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বাংলাদেশের উদ্বেগের বিষয়টিও ভারতকে বুঝতে হবে।’কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠকে নিরাপত্তা ও সন্ত্রাসবাদ ইস্যু সবচেয়ে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। সন্ত্রাসবাদবিরোধী ও আন্তসীমান্ত জঙ্গিবাদ দমনে দুই প্রধানমন্ত্রী একটি চুক্তিতেও সই করতে পারেন।বিআইপিএসএসের প্রধান মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান বলেন, ‘নিরাপত্তা এবং ভৌগোলিক অবস্থানের কারণে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’তবে তিনি বলেন, শুধু সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নয়, নিরাপত্তাগত আরও অনেক বিষয় দুই দেশের মধ্যে আছে। এর মধ্যে রয়েছে সমুদ্রসীমা নির্ধারণ, পানি ও পরিবেশগত নিরাপত্তা, সীমান্ত সমস্যা ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বেসামরিক বাংলাদেশি হত্যা, অমীমাংসিত ছিটমহলের মানুষের নিরাপত্তা এবং দুই দেশের বাণিজ্যের মধ্যে ব্যাপক ভারসাম্যহীনতার বিষয়গুলো।