বাংলাদেশ-ভারত সম্পর্ক গড়ে উঠছে মুক্তিযুদ্ধের চেতনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠছে মুক্তিযুদ্ধের চেতনায়। এই উপমহাদেশের সামগ্রিক বিকাশে এই বন্ধুত্ব অটুট রাখতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক গতকাল সোমবার নয়াদিল্লিতে এক আলোচনাসভায় এ মন্তব্য করেন।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর ওই মন্তব্যের রেশ টেনে বলেন, দুই দেশের বন্ধুতার কারণেই এ উপমহাদেশ আজ ‘সানরাইজ হরাইজন’ বা সূর্যোদয়ের অঞ্চল হিসেবে পরিচিতি পেয়ে গেছে। দুই দেশের সম্পর্কের এই স্থিতিশীলতা বাধা না পেলে সহযোগিতার নতুন নতুন বহু উদাহরণ সৃষ্টি হবে।

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বহুমুখী সম্পর্ক নিয়ে দুই দিনের এই আলোচনাসভা সোমবার শুরু হয়। দুই দেশের বহু সাংবাদিক এ আলোচনাসভায় যোগ দিচ্ছেন। আয়োজক ‘ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ’। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টসের প্রেক্ষাগৃহে এ আলোচনাসভা বসে।
আলোচনার সুর বেঁধে দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথন। সাম্প্রতিক অতীতে দুই দেশের সম্পর্কের অগ্রগতির এক সংক্ষিপ্ত খতিয়ান তুলে ধরে তিনি বলেন, প্রতিদিনই নতুন কিছু না কিছু হচ্ছে। যেমন মঙ্গলবারই বাংলাদেশের সিলেট ও ভারতের মেঘালয়ের মাঝে ডাউকি সীমান্তে খুলতে চলেছে এক সুসংহত চেকপোস্ট। সম্পর্কের সার্বিক ও বহুমুখী আঙ্গিক যে ক্রমেই খুলে যাচ্ছে, তা সম্ভব হচ্ছে পারস্পরিক বিশ্বাস, ভরসা ও শ্রদ্ধার কারণে। তিনি বলেন, গত এক বছরে ভারত সাড়ে নয় লাখের বেশি ভিসা দিয়েছে, যা কিনা আগের বছরের তুলনায় দেড় গুণের বেশি। শ্রীপ্রিয়ার কথার রেশ ধরে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, সুখের কথা এটাই যে মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনার বিকাশ বহু বছর পর আবার নতুন করে এই দুই দেশের সম্পর্কের ভিত হতে পেরেছে।

মুক্তিযুদ্ধ, তার চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ব্যাখ্যা করে মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর পর টানা ৩০ বছর বাংলাদেশ পেছনের দিকে গেছে। ধর্মনিরপেক্ষতার আদর্শকে পেছনে ফেলে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে গেছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে ফের নতুন করে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলছেন। কিন্তু এই পথও মোটেই মসৃণ নয়। হলি আর্টিজানের হামলাই তার প্রমাণ। মোজাম্মেল হক বলেন, দুই দেশের স্বার্থেই দুই প্রতিবেশীর বন্ধুত্ব দৃঢ় হওয়া অপরিহার্য। শুধু দেখতে হবে, এই সম্পর্কের মধ্যে যেন কোনো ফাঁকিবাজি না থাকে। তা হলে বন্ধুত্ব টিকবে না। তিনি বলেন, সামগ্রিক স্বার্থেই দুই দেশের দুজনকে প্রয়োজন। ভারতের নীতিনির্ধারকেরা এই সারসত্যটি মনে রাখলে দুই দেশের পক্ষেই তা মঙ্গলজনক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর এই কথার রেশ ধরেই বলেন, একাত্তরের যুদ্ধটা ছিল একটি দেশের সার্বিক অন্যায় আচরণের বিরুদ্ধে। আজ স্বাধীনতার এত বছর পর যে লড়াইটা বাংলাদেশকে লড়তে হচ্ছে, তা-ও বহুমুখী। বাংলাদেশ যেভাবে নারীর ক্ষমতায়ন করেছে, তা শিক্ষণীয়। দেশে সাংস্কৃতিক বিপ্লব ঘটে গেছে। ভারত অর্থনৈতিক দিক থেকে যেভাবে এগোচ্ছে, সেই সুযোগ বাংলাদেশকে নিতে হবে। তিনি বলেন, ওই দেশে অনেকগুলো বছর স্বৈরতন্ত্রী শাসনে নষ্ট হয়েছে। এখন সম্পর্ক ও স্থিতিশীলতায় ভর দিয়ে দুই দেশ এগোতে পারলে বহুমুখী সম্পর্কের নতুন নতুন উদাহরণ সৃষ্টি হবে। আকবর বলেন, ‘আশা করব, এই সম্পর্ককে আর কোনো বাধা পেরোতে হবে না।’
এই আলোচনাসভা এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশেই বিস্তর জল্পনা। প্রস্তাবিত এই সফর নিয়ে সরাসরি কেউ নিশ্চিতভাবে কিছু বলেননি। তবে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে দুই দেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন যে একটা বড় বিষয়, সৈয়দ মোয়াজ্জেম আলী তা জানাতে ভোলেননি। তিস্তার উল্লেখ না করেও তিনি বলেন, শুধু একটি দুটি নদীর পানিপ্রবাহ নয়, অভিন্ন নদীগুলোর অববাহিকার ব্যবস্থাপনা জরুরি। এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি কথার উল্লেখ করে তিনি বলেন, মোদি পক্ষী ও পবনের (বাতাস) বাধাহীন যাতায়াতের কথা বলেছিলেন। আমি তার সঙ্গে পানিকেও যুক্ত করছি। তিনি বলেন, ‘আমি এটাও দেখতে চাই, ইউরোপের দেশগুলোর মতো নাগরিকত্ব কার্ডের ভিত্তিতে এই দুই দেশের মানুষ একে অপরের দেশে যেতে-আসতে পারছে। দ্বিপক্ষীয় সম্পর্কটাকে ওই পর্যায়ে তুলে নিয়ে যেতে হবে।’