বাংলাদেশ-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ প্রতিবেশীর মডেল

ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, ঘনিষ্ঠ দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একটি মডেল। দুই দেশ শুধু অমীমাংসিত সব সমস্যা বাস্তবসম্মত উপায়ে সমাধানই করেনি, বরং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়েছে এবং প্রবৃদ্ধি ও উন্নয়নে নিবেদিত আছে।
আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘সমসাময়িক ভারত, তার পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক’ শীর্ষক বক্তৃতায় হর্ষ বর্ধন শ্রিংলা এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দীসহ এনডিসির ঊর্ধ্বতন পরিচালনা স্টাফ, স্টাফ সদস্য ও কোর্সে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
হর্ষ বর্ধন শ্রিংলা তাঁর বক্তৃতায় ভারতের পররাষ্ট্রনীতি, উন্নয়ন ও নিরাপত্তা কৌশলের সাম্প্রতিক অগ্রগতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের প্রেক্ষাপটে দুই দেশের সম্পর্কের বিশ্লেষণ করেন।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে “সবার আগে প্রতিবেশী” নীতি গ্রহণ করেছে। ভারতীয় পররাষ্ট্রনীতির লক্ষ্যগুলো প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রনীতির সঙ্গে সম্পর্কিত। আমাদের মধ্যে সহযোগিতার যেসব উপাদান রয়েছে, আমাদের উচিত সেগুলোকে কাজে লাগানো। আমাদের পণ্য ও জনগণের নিরবচ্ছিন্ন চলাচলের জন্য উন্নত যোগাযোগব্যবস্থা এবং পাশাপাশি আমাদের কৌশলগত ও নিরাপত্তা স্বার্থগুলো নিয়েও কাজ করা প্রয়োজন।’
ভারতের হাইকমিশনার তাঁর বক্তৃতায় দুই দেশের সব পর্যায়ে চমৎকার নিরাপত্তা সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, ‘দুই দেশের মধ্যে স্থলসীমান্ত ও সমুদ্রসীমার সীমানা নির্ধারণ আমাদের নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং তাদের আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে। এর মধ্যে রয়েছে সাইক্লোন মোরায় আক্রান্ত হওয়ার পর ভারতীয় নৌবাহিনীর উদ্ধার অভিযান, যেখানে ভারতের সমুদ্রসীমায় প্রহরারত জাহাজ আইএনএস সুমিত্রা ৩২ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছিল। গত বছর আমাদের উপকূলরক্ষীদের পরিচালিত যৌথ অনুসন্ধান ও উদ্ধার অভিযানগুলো সমুদ্রে আটকে পড়া অনেক জেলের জীবন বাঁচিয়েছে। স্থলসীমান্তে বিএসএফ এবং বিজিবির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এবং পারস্পরিক আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। নিরাপত্তা আমাদের সহযোগিতার শক্তিশালী ক্ষেত্রগুলোর অন্যতম এবং আমাদের সামরিক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘এই সফর উভয় দেশের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন নিশ্চিত করে এবং কৌশলগত অংশীদারত্বের বাইরে এক সর্বব্যাপ্ত অংশীদারত্ব দিয়ে আমাদের সম্পর্কে এক সোনালি অধ্যায়ের সূচনা করেছে।’
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় প্রতিরক্ষা সহযোগিতার রূপরেখা-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে প্রতিরক্ষা সম্পর্ক প্রাতিষ্ঠানিকতা পেয়েছে। প্রধানমন্ত্রীর সফরকালে অন্যান্য দলিলের বিনিময় দুই দেশের মধ্যে সংশ্লিষ্ট এনডিসিরা; এখানকার ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ও ভারতের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, টাটা মেডিকেল সেন্টার এবং বাংলাদেশের ডিরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিসের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি শক্তিশালী ভিত্তি রচনা করছে।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘আমাদের সম্পর্কের গুরুত্ব অপরিসীম এবং আমরা সঠিক পথেই চলছি। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠ দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি মডেল। আমরা শুধু আমাদের সব অমীমাংসিত সমস্যা বাস্তবসম্মতভাবে সমাধান করিনি, বরং আমাদের উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করেছি এবং আমাদের প্রবৃদ্ধি ও উন্নয়নে নিবেদিত রয়েছি।’
ভারতীয় হাইকমিশনার তাঁর বক্তৃতায় উল্লেখ করেন, দুই দেশের জনগণের মধ্যে বন্ধন অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ভিসা উদারীকরণের উদ্যোগে লক্ষণীয় ফল পাওয়া গেছে। বিদেশি পর্যটকের ক্ষেত্রে ভারতে শীর্ষে আছে বাংলাদেশের পর্যটকেরা। এ বছরের প্রথম ছয় মাসে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশের লোকজন ১৩ লাখের বেশি বার যাতায়াত করেছে।