বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদার করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব আর্থসামাজিক খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, সম্পর্ক বলিষ্ঠ করতে দুদেশকে উদার মানসিকতা নিয়ে সংকীর্ণতা পরিহার করে এগিয়ে আসতে হবে। দুদেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অর্থনীতি ও সামাজিক উন্নয়নের সব খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক জোরদার করা প্রয়োজন।
গতকাল রোববার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (এসইবিআই) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণকালে এ কথা বলেন শেখ হাসিনা। খবর বাসসের।
ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চল থেকে দারিদ্র্য নির্মূল ও জনগণের সমৃদ্ধি নিশ্চিত করাই আমাদের অভিন্ন লক্ষ্য। এ ক্ষেত্রে উভয় দেশের যৌথ প্রয়াস কাঙ্ক্ষিত সাফল্য আনতে পারে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, এসইবিআইর চেয়ারম্যান উপেন্দ্র কুমার সিনহা, বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তৃব্য দেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও মশিউর রহমান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন, ব্যবসায়ী নেতা এবং বাংলাদেশ ও ভারতের পুঁজিবাজারের জ্যেষ্ঠ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শিল্পায়ন ও অবকাঠামো উন্নয়নে পুঁজি সংগ্রহে শক্তিশালী, কার্যকর ও জবাবদিহিমূলক পুঁজিবাজারের ওপর গুরুত্বারোপ করেন। টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের বিপুল পুঁজি প্রয়োজন উল্লেখ করে শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে বিএসইসি এ ব্যাপারে সব সময় সঠিক ও দূরদর্শী পদক্ষেপ নেবে। তিনি বলেন, দেশ ও বিনিয়োগকারীদের স্বার্থে শেয়ারবাজারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে সরকার বিএসইসিকে সব ধরনের সহযোগিতা দেবে।
দুই দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই এমওইউ স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিএসইসি ও এসইবিআই চেয়ারম্যান এমওইউতে স্বাক্ষর করেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের শেয়ারবাজার উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই এমওইউ একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। দুই দেশ সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, স্বল্প সময়ের মধ্যেই দুই দেশ অভিন্ন নদীসমূহের পানিপ্রবাহ বণ্টনের সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। এ ছাড়া বিদ্যুৎ, নৌপথে যোগাযোগ, সড়ক ও রেলরুট এবং অবকাঠামো উন্নয়নে সহযোগিতা সম্প্রসারণে দুই দেশ অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।