বাংলাদেশ-ভারত সম্পর্ক স্থায়ী রূপ লাভ করবে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করেছেন, প্রতিবেশী দুটি দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্থায়ী রূপ লাভ করবে। তিনি বলেন, ‘আমাদের দুই প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বিকাশমান সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে।’
গতকাল রোববার নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (আইটিইসি) সুবর্ণজয়ন্তী এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) ডে উদ্যাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, বাংলাদেশের জনগণের কল্যাণের ক্ষেত্রে ক্ষতিকর এমন কোনো তৎপরতায় ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার হতে দেওয়া হবে না।
রাষ্ট্রপতি বলেন, দুই দেশের এই সম্পর্ক কেবল দুটি প্রতিবেশীই নয়, বরং গোটা দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য অবধারিতভাবে সামগ্রিক সমৃদ্ধি নিয়ে আসবে।
ভারত হচ্ছে শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাচীন কেন্দ্র। ভারতের ঐশ্বর্য ও বৈচিত্র্যের সংস্কৃতি গোটা বিশ্বে ছড়িয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ভারত আজ বিশ্বের একটি বিকাশমান শক্তি এবং অনেক ক্ষেত্রে বিশ্বের মধ্যে ব্যতিক্রমিভাবে এগিয়ে গেছে। এ জন্য আমি বিশ্বাস করি যে ভারতের বহুমুখী উন্নয়ন অভিজ্ঞতা ও দক্ষতা আইটিইসি কার্যক্রমের মাধ্যমে অন্যান্য উন্নয়নশীল দেশগুলো লাভবান হবে।
পঙ্কজ সরন তাঁর বক্তৃতায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত গভীরভাবে মূল্যায়ন করে, সেটির উল্লেখ করেন। বাংলাদেশের জনগণ জীবনযাত্রার বেশ কিছু ক্ষেত্রে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সাফল্য অর্জিত করেছে, তিনি তার প্রশংসা করেন। পঙ্কস সরন বলেন, ‘ভারত একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের জনগণের কল্যাণের ক্ষেত্রে ক্ষতিকর কোনো কর্মকাণ্ডে ভারতীয় ভূখণ্ড ব্যবহার হতে দেওয়া হবে না। আমরা আমাদের সহযোগিতা এবং পারস্পরিক কল্যাণ ও নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত বিষয়ে নিয়মিত আলোচনার রীতিকে মূল্যায়ন করি।’
অন্যান্যের মধ্যে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ বক্তব্য দেন।