বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, ঐতিহাসিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন নতুন মাত্রা যুক্ত হচ্ছে। দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট এ সম্পর্ক গভীরতর হচ্ছে। এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে সমগ্র দক্ষিণ এশিয়ায়।
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরনের বক্তব্যেও পররাষ্ট্রমন্ত্রীর ওই কথার সাযুজ্য ছিল। বিশেষ অতিথির বক্তৃতায় পঙ্কজ সরন বলেন, ভারতের বর্তমান সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে। এই সম্পর্ক আরও এগিয়ে নিতে গত ছয় মাসে গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতের হাইকমিশনার বলেন, আগামী মাসে (ফেব্রুয়ারি) কলকাতায় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান আলোচ্য বিষয় হবে এই চার দেশের মধ্যে সড়কপথে অবাধে ট্রাক চলাচল। দীর্ঘদিন পড়ে থাকা বিষয়গুলো নিয়েও কাজ হচ্ছে। দুই দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধিই এসব কাজের লক্ষ্য। এই ধারা উপ-আঞ্চলিক ও আঞ্চলিক পর্যায়েও সম্প্রসারিত করার উদ্যোগ নেওয়া হবে।
মৈত্রী সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজের অধ্যাপক সঞ্জয় কে ভরদ্বাজ। এতে বলা হয়, ‘ব্র্যান্ড ইন্ডিয়া ইমেজ’ প্রতিষ্ঠা ও নিজের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের পররাষ্ট্রনীতির কেন্দ্রবিন্দু। বর্তমান ভারত সরকার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে এই নীতির বাস্তবায়ন চায়।
অধ্যাপক ভরদ্বাজ বলেন, দ্বিপক্ষীয় সমস্যাগুলো সমাধানে ভারত ‘গুজরাল ডকট্রিন’ প্রয়োগ করতে পারে। এতে ভারতের প্রতিবেশীদের মধ্যে যেমন আস্থা সৃষ্টি হবে, তেমনি এ অঞ্চলের বাইরের শক্তিগুলোকে দূরে সরিয়ে রাখায় সহায়ক হবে। গুজরাল ডকট্রিনের মূল কথা হলো দ্বিপক্ষীয় সমস্যা সমাধানে প্রতিবেশীদের আস্থা অর্জনের জন্য সক্রিয় থাকা। প্রতিবেশীদের মন থেকে সন্দেহ, অবিশ্বাস দূর করার কার্যকর পদক্ষেপ নেওয়া।
এই প্রবন্ধের ওপর আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলেন, দক্ষিণ এশিয়াকে সুসংঘবদ্ধ করতে হলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তে সাংস্কৃতিক ঐতিহ্যের আলোকে এ অঞ্চলের মানুষের ঐক্য ও ক্ষমতায়ন দরকার। এটা করা সম্ভব হলে মানুষই নতুন ধারার দক্ষিণ এশিয়া গড়ে তুলবে।
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একযোগে দুই দেশকে কাজ করতে হবে। দুই দেশের মধ্যকার বর্তমান সম্পর্ককে অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো বলে উল্লেখ করে তিনি বলেন, তা সত্ত্বেও মানুষের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তা নিরসনে দুই দেশেরই এগিয়ে আসা উচিত।
আইনজীবী তানিয়া আমীরের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারি। আরও বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান। অনুষ্ঠানের শুরুতে দুই দেশের জাতীয় সংগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন সায়ান ওয়াহিদ ও অন্য শিল্পীরা।