বাংলাদেশ-ভারত সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বারোপ
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান পেশাগত উৎকর্ষ বাড়াতে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে অভিজ্ঞতা ও সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন। ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) উচ্চপর্যায়ের একটি সামরিক প্রশিক্ষণার্থী দল গতকাল সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘পেশাগত উৎকর্ষ অর্জনে প্রশিক্ষণ খুবই জরুরি।’ খবর বাসসের।মেজর জেনারেল বি এস ডালটার নেতৃত্বে বাংলাদেশ সফররত এ প্রতিনিধিদলে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার ১৪ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তা রয়েছেন। বঙ্গভবনে প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার ও ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা ও অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার ও প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আর এন নায়ার এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম এম হুমায়ুন কবির ও প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূইঞা এ সময় উপস্থিত ছিলেন।