বাংলাদেশ-ভারত সহযোগিতা বাড়লে কোনোদিক তাকাতে হবে না

বাংলাদেশ ও ভারত যদি অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র প্রসারে একে অপরের সঙ্গে হাতে হাত মেলায়, তা হলে বিশ্বের অন্য কোনো দেশের দিকে তাকানোর প্রয়োজন হবে না। আজ বুধবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্যে অংশ নেওয়ার পর নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় শেখ হাসিনার। সেখানেই শেখ হাসিনা পারস্পরিক সহযোগিতা প্রসঙ্গে এ কথা বলেন বলে তাঁর প্রেসসচিব ইহসানুল করিম প্রথম আলোকে জানান। হাসিনার কথার পিঠে মোদি বলেন, এই সহযোগিতা শুধু বাণিজ্য নয়, সর্বক্ষেত্রে ছড়িয়ে পড়া দরকার।
শুভ্রা মুখার্জির শেষকৃত্যে যোগ দিতে শেখ হাসিনা আজ সকালে দিল্লি আসেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সেখান থেকে হাসিনা প্রথমে রাষ্ট্রপতি ভবন ও সেখান থেকে প্রণব মুখার্জির আগের বাসভবন ১৩, তালকাটোরা রোডের বাংলোয় যান শুভ্রা মুখার্জিকে শেষ শ্রদ্ধা জানাতে। এরপর লোদি রোডের শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে শেখ হাসিনা সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদির সঙ্গে। বেলা পৌনে ১২টায় মোদির ৭ রেসকোর্স রোডের সরকারি বাসভবনে তাঁর সঙ্গে হাসিনার সাক্ষাৎ হয়।
বৈঠকে শেখ হাসিনার সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ, ভারতে নিযুক্ত হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী, হাসিনার বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ। মোদির সঙ্গে ছিলেন পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। স্থলসীমান্ত চুক্তি ভারতীয় সংসদে বিনা আপত্তিতে পাস হওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্কে যে নতুন গতি এসেছে, দুই প্রধানমন্ত্রীর আজকের সাক্ষাতে সে প্রসঙ্গ উঠে আসে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে জানান, শোকের আবহে এ বৈঠক ছিল সৌজন্যমূলক। তিনি জানান, সীমান্ত চুক্তির বাস্তবায়ন নির্বিঘ্নে হওয়ায় মোদি সন্তোষ প্রকাশ করার পাশাপাশি হাসিনাকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা বলেন, ভারতের সব দল একবাক্যে এই চুক্তিকে সমর্থন জানিয়েছে, যা বিস্ময়ের। মোদি বলেন, এই সহযোগিতা সারা বিশ্বের কাছে একটা নজির হয়ে থাকবে। মোদি এই প্রসঙ্গে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের (বিবিআইএন) মধ্যে যান চলাচল চুক্তির প্রসঙ্গ তুলে বলেন, এই অঞ্চলের বাণিজ্যিক বিকাশে এই চুক্তি অত্যন্ত সহায়ক হবে। এ কথার পরিপ্রেক্ষিতেই হাসিনা বলেন, দুই দেশের বাজার এত বিশাল যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত হলে অর্থনৈতিক দিক থেকে উভয় দেশ প্রভূত লাভবান হবে। অন্য কারও দিকে তাকাতে হবে না।
ইহসানুল করিম আরও জানান, সহযোগিতার প্রশ্নে হাসিনাকে মোদি একটা প্রস্তাবও দিয়েছেন। বলেছেন, দক্ষিণ এশিয়ায় দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটা মহড়া হওয়া দরকার। হাসিনা এই প্রস্তাবকে স্বাগত জানান। হাসিনাকে মোদি বলেন, ঢাকা সফরের সময় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর দেখে তিনি অভিভূত। এর আধুনিকীকরণ ও ডিজিটালাইজেশনে সবরকম সাহায্যে তিনি প্রস্তুত। প্রয়োজনে ঢাকায় একটি বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাবও মোদি দেন।
শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের সাংসদ হয়েছেন। সে কথা শুনে মোদি বলেন, নভেম্বর মাসে তিনি যখন লন্ডন যাবেন তখন টিউলিপের সঙ্গে সাক্ষাৎ করবেন।