বাংলাদেশ-ভারত সীমানা নিয়ে সমঝোতার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দেশের মধ্যকার অমীমাংসিত স্থলসীমানা নির্ধারণ নিয়ে একটি সমঝোতায় পৌঁছার লক্ষ্যে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) দুই দিনের বৈঠক শুরু হয়েছে। গতকাল বুধবার নয়াদিল্লিতে এই বৈঠক শুরু হয়।ভারতের সঙ্গে বাংলাদেশের চার হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ স্থলসীমানা রয়েছে। দুই দেশের মধ্যে অমীমাংসিত স্থলসীমানার তিনটি উল্লেখযোগ্য দিক হলো ১. তিনটি দাগে ৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ অনির্ধারিত সীমানা ২. ছিটমহল বিনিময় ও ৩. পরস্পরের দখলে থাকা জমি। ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ উপনিবেশের তৎকালীন বর্ডার কমিশন চেয়ারম্যান স্যার সিরিল র‌্যাডক্লিফ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস বিবেচনায় না নিয়েই সীমানা নির্ধারণ করেন। এ কারণে সীমানা নিয়ে সমস্যার সৃষ্টি হয়।বৈঠক সূত্রে জানা গেছে, জেডব্লিউজিতে তিনটি দিক নিয়েই আলোচনা হচ্ছে। দুই পক্ষই বিষয়গুলো সমাধানে আন্তরিক। দুই দিনের এই বৈঠক দুটি অংশে বিভক্ত। একটি অংশে আলোচনা করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আরেকটি অংশে থাকছে কারিগরি দিক নিয়ে বৈঠক।ঊর্ধ্বতন এক ভারতীয় কর্মকর্তা জানান, ‘এখন আমাদের নতুন করে ভাবতে হবে। অমীমাংসিত বিষয়গুলোকে আমরা কীভাবে দেখছি তার ওপরই নির্ভর করছে এই বৈঠকের সাফল্য। বেশ কয়েক বছর পর এই বৈঠক হচ্ছে। এ কারণে এবারের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মূল লক্ষ্য দুই পক্ষের মধ্যে দূরত্ব কমিয়ে আনা এবং স্থায়ীভাবে বিষয়গুলোর সমাধান করা।’বৈঠক সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে আস্থাপূর্ণ ও আন্তরিক পরিবেশে প্রথম দিনের বৈঠক হয়েছে। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে। বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামালউদ্দিন আহমেদ। ভারতীয় পক্ষের নেতৃত্বে রয়েছেন সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-শ্রীলঙ্কা-মিয়ানমার-মালদ্বীপ বিভাগের যুগ্ম সচিব টি এস ত্রিমূর্তি।ভারতের সরকারি সূত্র থেকে জানানো হয়েছে, দুই দেশের প্রতিনিধিদল এর আগে ছিটমহলগুলোতে যৌথ জরিপ কাজ চালায়। ছিটমহলের তালিকাও দুই পক্ষের মধ্যে আদান-প্রদান করা হয়েছে। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহল রয়েছে। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল আছে।ভারতীয় কর্মকর্তারা জানান, বৈঠকে ১৯৭৪ সালে ইন্দিরা-মুজিব চুক্তিকে ভিত্তি ধরে আলোচনা শুরু হয়েছে। তবে ওই চুক্তির পর দীর্ঘ সময় পার হয়েছে। চুক্তির সংশোধন-পরিমার্জন দরকার আছে কি না তাও বিবেচনায় রাখা হয়েছে।বিশেষজ্ঞরা জানান, অনির্ধারিত সীমানা চিহ্নিত করা নিয়ে তেমন ঝামেলা নেই। তবে ছিটমহল বিনিময়, কয়েকটি স্থানে ভূমি হস্তান্তর এবং সীমানা পুনর্নির্ধারণের বিষয়টিই বেশি ঝামেলাপূর্ণ। বর্তমানে বাংলাদেশের ৫৫১ দশমিক ৮ একর জমি ভারতের দখলে এবং ভারতের ২২৬ দশমিক ৮১ একর জমি বাংলাদেশের দখলে রয়েছে।