বাংলাদেশ-ভারত সীমান্ত পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত সীমান্ত: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
ফাইল ছবি

সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই বাংলাদেশ-ভারত সীমান্ত এখন পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত সীমান্তে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা এখন দক্ষিণ এশিয়ার একটি ভয়ংকর বধ্যভূমিতে পরিণত হয়েছে।’

আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সারা দুনিয়ায় এ ধরনের বিচারবহির্ভূত হত্যার নজির নেই। পৃথিবীর কোনো আইনেও এর সমর্থন নেই। সীমান্ত হত্যা বেড়ে যাওয়ার প্রধান কারণ, যারা এসব ঘটাচ্ছে তারা রেহাই পেয়ে যাচ্ছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আত্মরক্ষার কথা বললেও অস্ত্র হাতে কোনো বাংলাদেশির মারা যাওয়ার নজির নেই।
কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে থাকলে তাকে আইনের আওতায় আনা হোক মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেন, গুলি করে হত্যার এখতিয়ার কারও নেই। সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধে দেশের পক্ষে জোরালো কূটনৈতিক তৎপরতা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে বলে মনে করেন তিনি।

সীমান্তে হত্যার প্রতিবাদে কাল সোমবার কর্মসূচিও ঘোষণা করেছেন বিএনপির এই নেতা। দেশব্যাপী এদিন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে ও নেতা-কর্মীরা কালো ব্যাচ ধারণ করবেন।