বাংলাদেশ-ভারত সীমান্ত বৈঠকে ১০ দফা নিয়ে আলোচনা

রাজশাহীতে দুই দিনব্যাপী বাংলাদেশ-ভারত জেলা প্রশাসক-জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ের সীমান্ত বৈঠক আজ বুধবার শেষ হয়েছে। বৈঠকে দুই দেশের জেলখানার বন্দী প্রত্যাবর্তন ও জমির সিএস রেকর্ড হস্তান্তরসহ ১০ দফা আলোচনা হয়। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানানো হয়। এ সময় বাংলাদেশের ছয় জেলা ও ভারতের দুই জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষে রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন চৌধুরী ও ভারতের পক্ষে নদীয়া জেলা ম্যাজিস্ট্রেট বিজয় ভারতী বক্তব্য দেন। ভারতের জেলা দুটি হচ্ছে মুর্শিদাবাদ ও নদীয়া। বাংলাদেশের ছয়টি জেলা হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুর।
প্রত্যেক জেলার পক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহ ব্যাটালিয়নের তিনজন বিজিবি কর্মকর্তা এবং ভারতের পক্ষে অন্য তিনজন প্রতিনিধি হচ্ছেন মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেট ওয়াই রত্নাকারা ও পুলিশ সুপার সি সুধাকর এবং নদীয়া জেলার পুলিশ সুপার ভরত লাল মিনা।
সংবাদ সম্মেলনের রাজশাহী জেলা প্রশাসক বলেন, দুদিনের বৈঠকে তাঁদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই ১০ দফার মধ্যে দুই দেশের কারাগারের বন্দী প্রত্যাবর্তন, সীমান্ত খুঁটি চিহ্নিতকরণ, চুয়াডাঙ্গা দৌলতগঞ্জ মাজদিয়া স্থলবন্দর পুনরায় চালু, গেদে-দর্শনা করিডর প্রশস্তকরণ, রাজশাহীতে সীমান্ত হাট স্থাপন ও জমির সিএস রেকর্ড হস্তান্তর, মাদক, অস্ত্র চোরাচালান ও সীমান্ত হত্যা বন্ধসহ অন্যান্য সীমান্ত সংক্রান্ত বিরোধ নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এখন থেকে দুই দেশের সীমান্ত সমস্যা নিয়ে তাঁদের নিয়মিত আলোচনা হবে। এর মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে।
নদীয়ার জেলা ম্যাজিস্ট্রেট বিজয় ভারতী বলেন, দুই দেশের সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে গত বছর ভারতের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, এর অগ্রগতি নিয়ে এই বৈঠক। তিনি বলেন, দুই দেশের আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে তাঁরা গুরুত্ব আরোপ করছেন। এ জন্য স্থলবন্দরগুলো পুনরায় চালু করা, যাতে বেশি মানুষ চলাচল করতে পারে। তাঁদের ভূমি সমস্যার সমাধান করা যায়। এ জন্য সম্মেলন থেকে গিয়েই তাদের জেএল নম্বরগুলো যাচাই করে সিএস রেকর্ড হস্তান্তরের ব্যবস্থা করবেন ভারতীয় সীমানার ভেতরে অসাবধানতাবশত ঢুকে পড়া শিশু, বৃদ্ধ ও নারীদের দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা-—সব সমস্যা সমাধানের জন্য বার বার বৈঠক করা, যৌথ টহলের ব্যবস্থা করা ইত্যাদি বিষয় নিয়ে তাঁদের আলোচনা হয়।
ভারতীয় সীমান্ত এলাকায় সাতটি ফেনসিডিল কারখানা ধ্বংস করার কথা ছিল, সেগুলোর বর্তমান অবস্থা কী—জানতে চাইলে বিজয় ভারতী বলেন, ফেনসিডিল নিয়ে দুই দেশের যুবকেরাই ধ্বংস হচ্ছে। এ নিয়ে তাঁরাও উদ্বেগের মধ্যে রয়েছেন। বাংলাদেশের আতিথেয়তার জন্য তিনি ধন্যবাদ জানান।