বাংলাদেশ-ভারত সীমান্ত ব্যবস্থাপনায় জোড়া বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের পর বাংলাদেশ ও ভারত সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে। এ জন্য প্রায় একই সময়ে নয়াদিল্লিতে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। একটিতে অংশ নেবেন দুই দেশের সীমান্তবর্তী জেলাগুলোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারেরা, অন্য বৈঠকটি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পরিচালকদের মধ্যে। দুই বৈঠকেরই উদ্দেশ্য সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করে তোলা, যাতে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ বন্ধ হয় এবং সীমান্তবর্তী অঞ্চলের সার্বিক উন্নতি ঘটে।
ভারতের মোট পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে। এই রাষ্ট্রগুলো হলো পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। এই পাঁচ রাজ্যের যে জেলাগুলো সীমান্তের গা ঘেঁষা, তাদের জেলা প্রশাসকেরা চলতি মাসের শেষ কিংবা আগামী মাসের গোড়ায় নয়াদিল্লিতে মিলিত হচ্ছেন। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর প্রশাসক ও পুলিশ সুপারেরাও বৈঠকে যোগ দিতে নয়াদিল্লি আসবেন। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সূত্রে বলা হয়, ভারত চেয়েছিল রমজান মাসেই বৈঠক হোক। কিন্তু বাংলাদেশ জানায়, ঈদের পর বৈঠক হলেই ভালো।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এই বৈঠকের মূল লক্ষ্য দুটি। প্রথম লক্ষ্য দুই দেশের সীমান্তবর্তী জেলাগুলোর প্রশাসনের মধ্যে নিবিড় বোঝাপড়া গড়ে তোলা। এই বোঝাপড়ার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের তথ্যের আদান-প্রদান সহজতর হবে, যাতে সীমান্তের দুই ধারে অন্তত ১০ কিলোমিটার পর্যন্ত অঞ্চলে অসামাজিক কাজকর্ম বন্ধ করা যায়। অসামাজিক কাজ বলতে প্রধানত বিভিন্ন জিনিসের চোরাচালান বন্ধের ওপর জোর দেওয়া হচ্ছে। যেমন, জাল নোট, মাদক, অস্ত্র এবং নারী ও গরু পাচার। দ্বিতীয় লক্ষ্য, অর্থনৈতিক দিক থেকে সীমান্তবর্তী জেলাগুলোর উন্নয়ন করা ও যুবসমাজের বিকল্প আয়ের ব্যবস্থা করা, যাতে চোরাচালান তাদের আয়ের একমাত্র উপায় না হয়। সীমান্তবর্তী অঞ্চল নিয়ে যেসব সংগঠন কাজ করে চলেছে, তাদের বিভিন্ন সুপারিশও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবেচনা করছে। সেই সব প্রস্তাবের কিছু কিছু এই বৈঠকগুলোতে আলোচিত হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর।