বাংলাদেশ-ভারত সীমান্তে আধুনিক স্থলবন্দর উদ্বোধন

বাংলাদেশ-ভারতের সীমান্তে গতকাল রোববার দুপুরে প্রথমবারের মতো একটি অত্যাধুনিক স্থলবন্দর (ইনটিগ্রেটেড চেকপোস্ট) উদ্বোধন করা হয়েছে। উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় এটি উদ্বোধন করা হয়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধ ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর যৌথভাবে এ বন্দর উদ্বোধন করেন। নতুন এ স্থলবন্দরে পণ্য মজুত ও সংরক্ষণ এবং যাত্রীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষাকক্ষসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।
বাংলাদেশ-ভারত সীমান্তে এ রকম অত্যাধুনিক স্থলবন্দর প্রথম হলেও ভারতে তা দ্বিতীয়। পাঞ্জাব রাজ্যের আটারি সীমান্তে এ রকম স্থলবন্দর আগে থেকেই রয়েছে।
নতুন স্থলবন্দরের উদ্বোধন উপলক্ষে আগরতলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার বলেন, ‘আধুনিক সুবিধা-সংবলিত এই স্থলবন্দর বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য প্রসারে ভূমিকা রাখবে। যাত্রীরাও পাবেন আধুনিক সব সুযোগ-সুবিধা। দুই দেশের মধ্যে সুদৃঢ় মৈত্রীর সম্পর্ক আছে। এই মৈত্রী অটুট থাকবে।’
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘বাংলাদেশ সীমান্তে প্রথম আধুনিক সব সুবিধা-সংবলিত ইনটিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধন দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে। এতে লাভবান হবে দুই দেশের মানুষ।’ মহীউদ্দীন খান আলমগীর ঢাকা থেকে র্যাবের হেলিকপ্টারে চড়ে সকাল সাড়ে ১০টায় আখাউড়া পৌঁছেন। ১১টার দিকে সাংবাদিকসহ ৩৬ সদস্যের একটি দল নিয়ে তিনি আগরতলা যান।
অনুষ্ঠানে ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী জিতেন্দ্র চৌধুরী, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক এ করিম, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আজিজ আহমেদ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ময়েজ্জদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।