বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা বাড়াতে একমত বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদ, অপরাধ ও পাচার দমনে বাংলাদেশ-ভারত সীমান্তে ১০টি সীমান্ত চৌকি বসানোর বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃপক্ষ আজ সোমবার এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা আইএএনএসের খবরে এসব তথ্য জানানো হয়।

ত্রিপুরার শালবাগানের বিএসএফের প্রধান কার্যালয়ে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পাঁচ দিনের বৈঠক আজ শেষ হয়। বৈঠকে আন্তর্জাতিক সীমান্ত সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পাঁচ সদস্য বিশিষ্ট বিজিবির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কর্নেল সাজ্জাদ হোসেন ও বিএসএফের দলে ছিলেন পানিসাগর সেক্টরের উপমহাপরিদর্শক ডি কে শর্মা, টেলিয়ামুরা অঞ্চলের উপমহাপরিদর্শক রাজিভ সিনহাসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

বিএসএফের ত্রিপুরা অঞ্চলের উপমহাপরিদর্শক ও প্রধান মুখপাত্র ডি এস ভাটি বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, নিরাপত্তা জোরদার করতে ত্রিপুরা ও মিজোরাম সীমান্তে আরও সীমান্ত চৌকি স্থাপন করা হবে বলে বিজিবি কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। এ ছাড়া দুই পক্ষই সীমান্তে তদারকি বাড়াতে একমত হয়েছে।