বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ১৫ অক্টোবর
বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক ১৫ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে। তিন দিনের ওই বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনায় সহযোগিতা নিয়ে আলোচনা হবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈঠকে ভারতের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সে দেশের স্বরাষ্ট্রসচিব আর কে সিং। আর বাংলাদেশের নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাক।ভারতের স্বরাষ্ট্রসচিব বাংলাদেশে অবস্থানের সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব সি কিউ কে মোশতাককে সঙ্গে নিয়ে আর কে সিংয়ের আখাউড়া-আগরতলা সীমান্তে অবকাঠামো নির্মাণের অগ্রগতি দেখার কথা রয়েছে।এদিকে দুই স্বরাষ্ট্রসচিবের আলোচনার আগে ১৫ অক্টোবর বাংলাদেশ-ভারত যৌথ কার্য দলের (জেডব্লিউজি) বৈঠকের কথা রয়েছে।