বাংলাদেশ-ভারতকে কাজ করার আহ্বান তোফায়েলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় ভারত শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় ভারত শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: ভাস্কর মুখার্জি

অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শুক্রবার বিকেলে কলকাতার মিলনমেলা ময়দানে ভারত শিল্প ও বাণিজ্য মেলা-২০১৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ আহ্বান জানান।
তোফায়েল আহমেদ বলেন, স্বাধীনতা উত্তরকালে পৃথিবীর দ্বিতীয় গরিব দেশ থাকলেও আজ বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশের পণ্য বিদেশে সমাদৃত হচ্ছে। তাই এ উপমহাদেশে বাংলাদেশ ও ভারতকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে দুদেশকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে এখন শিল্প স্থাপনে অনুকূল পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হয়েছে। তিনি বাংলাদেশে উভয় দেশের শিল্পপতিদের যৌথভাবে বিনিয়োগ করার আহ্বান জানান।
বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারকে নিয়ে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ার কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এতে করে এই অঞ্চল অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
১০ দিনব্যাপী এই মেলা শেষ হবে আগামী ৪ জানুয়ারি। বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএনসিসিআই) আয়োজনে মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, বিশেষ অতিথি ছিলেন নেপাল চেম্বার অব কমার্সের সভাপতি রাজেশ কাজী শ্রেষ্ঠা।
চীন, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, আফগানিস্তান, তুরস্কসহ মেলায় ১২টি দেশ অংশ নিয়েছে। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ১৬টি সংস্থা। এ ছাড়াও বাংলাদেশ থেকে গেছে ৮০ জনের একটি শিল্প-বাণিজ্য প্রতিনিধিদলও। এবারের এই মেলায় দেশ-বিদেশের ৬০০টি শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠান যোগ দিয়েছে তাদের পণ্য নিয়ে।