বাংলাদেশ-ভারতের অমীমাংসিত সমস্যা সমাধানে রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট
বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য সরকারকে দিকনির্দেশনা দিতে সুশীল সমাজ ও বিশেষজ্ঞদের মধ্যে নিবিড় আলোচনা প্রয়োজন। দুই প্রতিবেশী দেশের অনিষ্পন্ন বিষয়গুলো খুব জটিল কিংবা সাংঘর্ষিক নয়। তাই দীর্ঘদিন ধরে এ বিষয়গুলোর সুরাহা না হলেও রাজনৈতিক সদিচ্ছা থাকলে সমাধানে পৌঁছানো সম্ভব।গতকাল মঙ্গলবার ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক সংলাপের উদ্বোধনী অধিবেশনে বক্তারা এ অভিমত দেন। বাংলাদেশ এনভায়রনমেন্টাল গভর্ন্যান্সের (বিএনইজি) সহায়তায় বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি) আগারগাঁওয়ের পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে তিন দিনের এ সংলাপের আয়োজন করে। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিইউপির চেয়ারম্যান এম এ জলিল।প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, গত বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের পর ভারতের সুশীল সমাজ ও গণমাধ্যমে একটি ইতিবাচক পরিবর্তন চোখে পড়ছে। ওই সফরের পর দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ভারতের জনগণের অনেক ভুল ধারণাও দূর হয়েছে।গওহর রিজভীর মতে, দুই শীর্ষ নেতা ভবিষ্যতে সুফল পাওয়ার প্রত্যাশায় বেশ বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠকের সুফল খুব তাড়াতাড়ি হয়তো পাওয়া যাবে না। কিন্তু ওই সিদ্ধান্তগুলোর কারণে দুই দেশ ব্যাপকভাবে উপকৃত হবে।ঢাকায় ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার বলেন, ভারত তার নিজের স্বার্থেই চায় বাংলাদেশ এগিয়ে যাক, অর্থনৈতিক উন্নয়ন অর্জন করুক। গত বছরের জানুয়ারির সফরের পর বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনায় অগ্রগতি হয়েছে বলে তিনি দাবি করেন।ভারতীয় সাংবাদিক এম জে আকবর বলেন, দক্ষিণ এশিয়ায় দারিদ্র্য প্রধান চ্যালেঞ্জ। এ অঞ্চলের নেতাদের দারিদ্র্যের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তা না হলে মধ্যপ্রাচ্য এখন যেভাবে বিক্ষোভে ফুঁসছে, দক্ষিণ এশিয়াতেও একদিন একই পরিস্থিতি তৈরি হতে পারে।এম জে আকবরের মতে, বাংলাদেশ ও ভারতের অমীমাংসিত সমস্যাগুলো খুবই তুচ্ছ ও সন্দেহের ভিত্তিতে দাঁড়িয়ে আছে। তাই ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফরের সময় এ সমস্যাগুলোর সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভারতীয় গবেষক রাশপাল মালহোত্রা বলেন, পারস্পরিক আস্থার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি স্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত। এতে সুফল হবে দুই দেশেরই।অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা শফি সামি, পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা নবদ্বীপ সুরি, ভারতীয় অধ্যাপক সুচা সিং গিল ও বিইউপির নির্বাহী পরিচালক নিলুফার বানু।