বাংলাদেশ-ভারতের জনগণ অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার বন্ধন ঐতিহাসিকভাবেই অবিচ্ছেদ্য। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের মানুষ রক্ত দিয়ে পরস্পরকে সহযোগিতার এক বিরল নজির সৃষ্টি করেছে। সেই ধারা বর্তমানে অব্যাহত আছে। ভবিষ্যতেও থাকবে। সেই ধারায়ই তিস্তা চুক্তিও সম্পন্ন হবে বলে তিনি মনে করেন।
গতকাল শুক্রবার বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার পংকজ সরন বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে ভারত সম্মান করে। এই দেশকে সহযোগিতা করা ভারতের জাতীয় অগ্রাধিকার। দুই দেশের মানুষের স্বার্থে সম্ভাব্য সবকিছুই করবে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক সফরে যেসব বিষয়ের নিষ্পত্তি হয়নি, সেগুলোর সব ভবিষ্যতে স্থলসীমান্ত চুক্তির মতোই নিষ্পত্তি হবে।
মূলত রবীন্দ্র-নজরুলজয়ন্তী পালন উপলক্ষে গতকাল বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যমঞ্চ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে অনুষ্ঠানসূচিতে ‘মৌলিক অধিকার ও বাংলাদেশের সংবিধান’ শীর্ষক একটি আলোচ্য বিষয়ও ছিল।
এ বিষয়ের ওপর আলোচনায় প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশের সংবিধানে নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় প্রয়োজনীয় যাবতীয় বিধান সন্নিবেশিত রয়েছে। এর উদ্দেশ্য মৌলিক মানবাধিকার সংরক্ষণ নিশ্চিত করা। তিনি বলেন, দেশে প্রায় এক হাজার আইন আছে। এসব আইন প্রয়োগের মাধ্যমে আইনের শাসন নিশ্চিত করতে বিচার বিভাগ কাজ করছে।
অনুষ্ঠানে পংকজ সরন বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বাংলাদেশ সফর একটিমাত্র কারণেই ঐতিহাসিক হিসেবে বিবেচিত হতে পারে। তা হলো স্থলসীমান্ত চুক্তি, যার বাস্তবায়ন ৪১ বছর আটকে ছিল। কিন্তু ক্ষমতা গ্রহণের এক বছরের মধ্যে ভারতের সব রাজনৈতিক দলের ও সংসদের উভয় কক্ষের পূর্ণ সমর্থন নিয়ে সেই চুক্তির বাস্তবায়ন বাংলাদেশের সঙ্গে পূর্ণ সহযোগিতায় বর্তমান সরকারের সদিচ্ছার প্রমাণ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে, সেগুলো দ্রুততার সঙ্গে কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ চৌধুরী সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক সুবীর কুশারী। আলোচনার আগে দুই দেশের জাতীয় সংগীত, মৈত্রী সমিতির ভাবনাসংগীত এবং বাংলা ও হিন্দি ভাষায় রবীন্দ্রনাথের ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’ গানটি পরিবেশন করা হয়।
রবীন্দ্র-নজরুলজয়ন্তীর কর্মসূচিতে ছিল রবীন্দ্রনাথের ভানুসিংহ ঠাকুরের পদাবলী অবলম্বনে কবি শেখ হাফিজুর রহমানের রচিত নৃত্যনাট্য রাই-কৃষ্ণ পদাবলী। বাংলাদেশ-ভারত দুই দেশের শিল্পীরাই এতে অংশ নেন। আর নজরুলের গান-কবিতা নিয়ে ‘উন্নত মম শির’ শিরোনামে একটি নৃত্যগীতানুষ্ঠান পরিবেশন করেন পশ্চিমবঙ্গের বারাসতের শিল্পীরা।