বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের বাণিজ্যিক ও সহযোগিতার সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে একমত হয়েছেন।
আজ বুধবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য শেষে বেলা সাড়ে ১১টায় ৭ নম্বর রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বৈঠক হয়। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক ও সহযোগিতার সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তাঁরা নিজেদের মতামত দেন।
আধা ঘণ্টার এই বৈঠক শেষে ওবেরয় হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে বলেন, ‘এটা নিছকই একটা সৌজন্য সাক্ষাৎ ছিল।’
বৈঠকে শেখ রেহানা, শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি ও ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শংকর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোধার উপস্থিত ছিলেন।
বৈঠকে নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ‘শোকের এই দিনে আপনাকে ঠিকমতো স্বাগত জানাতে পারলাম না।’ উত্তরে শেখ হাসিনা বলেন, ‘এটা কোনো ব্যাপার নয়। আমরা এমন একজনের শেষকৃত্যে যোগ দিতে এসেছি, যাঁর সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। দেশছাড়া হয়ে যখন ভারতে ছিলাম, তখন থেকেই আমাদের সখ্য ও হৃদ্যতা। দিনে দিনে এই সম্পর্ক নিবিড় হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘কোনো রকম গোলমাল ছাড়া যেভাবে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়িত হয়েছে, সে কারণে আপনাদের অনেক ধন্যবাদ।’ জবাবে নরেন্দ্র মোদি বলেন, ‘এটা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ বিনা রক্তপাতে, বিনা বিতর্কে ও কোনো বিরোধিতা ছাড়াই দীর্ঘ ছয় দশকের এই সমস্যার সমাধান হয়েছে।’
বৈঠকে দুই প্রধানমন্ত্রী বলেন, ‘এই সহযোগিতার সম্পর্ক আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।’
বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া ও নেপাল (বিবিআইএন) এই চার দেশের মধ্যে সম্প্রতি যে যান চলাচল চুক্তি হয়েছে, তা এই চার দেশের সহযোগিতা এবং বাণিজ্যিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমাদের দুই দেশের বাজার এত বিশাল যে, আর কারও সহযোগিতা না এলেও আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই বিপুল বাজারের সুযোগ নিতে পারি। এই সহযোগিতা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।’
শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রস্তাব দেন, ‘দক্ষিণ এশিয়ার দুর্যোগ মোকাবিলায় দুই দেশের মধ্যে একটি যৌথ মহড়া (জয়েন্ট এক্সারসাইজ) হওয়া উচিত।’ নরেন্দ্র মোদির এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন শেখ হাসিনা।
নভেম্বরে লন্ডন সফরের সময় শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা করবেন বলেও নরেন্দ্র মোদি বৈঠকে শেখ হাসিনাকে জানিয়েছেন।
এর আগে শুভ্রা মুখার্জির শেষকৃত্যে যোগ দিতে আজ সকাল আটটায় ভারতে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এরপর সেখান থেকে শেখ হাসিনা সোজা চলে যান রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করে তাঁকে সঙ্গে নিয়ে ১৩ তাল কাটরা রোডের বাড়িতে যান। রাষ্ট্রপতি হওয়ার আগে প্রণব মুখার্জি এই বাড়িতেই থাকতেন। এখন এই বাড়িটি প্রণব মুখার্জির ছেলে কংগ্রেসের সাংসদ অভিজিৎ মুখার্জির সরকারি বাসভবন। এই বাসভবনেই শুভ্রা মুখার্জির মরদেহ রাখা হয়। শুভ্রা মুখার্জির মরদেহে শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে লোদি রোড শ্মশানঘাট ক্রেমেটোরিয়ামে আয়োজিত শেষকৃত্যে অংশ নিতে যান শেখ হাসিনা। সকাল ১০টা ৩৫ মিনিটে বৈদ্যুতিক চুল্লিতে মরদেহ তোলা হয়। এ সময় পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা এল কে আদভানিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
শেষকৃত্যানুষ্ঠান শেষে ওবেরয় হোটেলে ফিরে আসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টায় ৭ নম্বর রেসকোর্স রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যোগ দেন শেখ হাসিনা। তিনি আজ দেশে ফিরবেন।