বাংলাদেশ ভুটান ভারত ও নেপালের মধ্যে যান চলবে সড়কপথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে সড়কপথে যাত্রীবাহী, ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন চলাচল করবে। এ-সংক্রান্ত চুক্তির খসড়া গতকাল সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ১৫ জুন ভুটানে মন্ত্রিপর্যায়ের বৈঠকে এই চার দেশের মধ্যে এই ফ্রেমওয়ার্ক চুক্তি সই হতে যাচ্ছে।
সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে বলেন, এই চুক্তির ফলে চার দেশের মধ্যে যোগাযোগ বাড়বে।
বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। জানতে চাইলে তিনি বলেন, উপ-আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে দৃঢ় করার জন্য নেওয়া এ উদ্যোগ খুবই ইতিবাচক। বাংলাদেশ এর সুযোগ নিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিরও সুযোগ পাবে।
মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১৪ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে সার্কের পাঁচটি দেশের মধ্যে চুক্তিটি হওয়ার কথা ছিল। কিন্তু একটি দেশ (পাকিস্তান) অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষ করতে না পারায় তখন চুক্তিটি হয়নি। তবে এই চার দেশ সম্মত হলে পরে সার্কভুক্ত অন্য দেশও এতে যোগ দিতে পারবে। তিনি বলেন, যান চলাচলে রুট পারমিট নিতে হবে। আবার এক দেশের গাড়ি আরেক দেশের ভেতর দিয়ে গেলেও মাঝপথের দেশে যাত্রী বা মালামাল তোলা যাবে না। ইচ্ছা করলে যে দেশ দিয়ে যানবাহন যাবে, তারা সেটি তল্লাশি করতে পারবে।
চুক্তির খসড়া অনুযায়ী যান চলাচলের জন্য নির্ধারিত ফি দিতে হবে। যে দেশের ভেতর দিয়ে যানবাহন যাবে, সেই দেশ ফি ঠিক করবে। যে দেশে যে পণ্য নিষিদ্ধ, সে দেশের ভেতর দিয়ে সেই পণ্য বহন করা যাবে না। তিন বছর পরপর চুক্তি নবায়ন হবে। তবে কোনো দেশ চাইলে ছয় মাসের নোটিশ দিয়ে চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিতে পারবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, যদি নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে একটি যান প্রবেশ করে, তাহলে ভারত ও বাংলাদেশকে ফি দিতে হবে। চলাচলে যাত্রীদের ভিসা লাগবে। তিনি বলেন, এটি একটি ফ্রেমওয়ার্ক চুক্তি।
কবে চুক্তি কার্যকর হবে—পরে এ প্রশ্নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক বলেন, ফ্রেমওয়ার্ক চুক্তির পর আরেকটি চুক্তি ও প্রটোকল হবে। সব কাজ শেষ করে এটি বাস্তবায়ন করতে সর্বোচ্চ ছয় মাস লাগতে পারে। তিনি বলেন, বর্তমানে যেসব সীমান্ত পথে শুল্ক ও বহিরাগমন কার্যালয় (কাস্টমস ও ইমিগ্রেশন) আছে, সেখান দিয়েই যান প্রবেশ করতে পারবে। তবে যাত্রীবাহী বাসকে একটি নির্দিষ্ট সময়ের জন্য রুট পারমিট দেওয়া হবে। অন্যান্য গাড়ির জন্য যে দেশ থেকে গাড়ি যাবে, সেই দেশের অনুমোদন নিতে হবে। যানবাহন যে দেশে যাবে, সেই দেশকে ফি দিতে হবে। এই ফি হবে ন্যূনতম।
সূত্র জানায়, বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে আলোচনা হয়। কয়েকজন মন্ত্রী এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন। মন্ত্রিসভা শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব পাস করে। সভায় তিস্তার পানির সমস্যা নিয়েও অনির্ধারিত আলোচনা হয়।
সড়ক পরিবহন ও সেতু বিভাগের সূত্র জানায়, আপাতত ভুটানের সঙ্গে দুটি পথে যান চলবে। একটি হলো বাংলাদেশের বুড়িমারী দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা হয়ে প্রবেশ করে জায়গাঁও হয়ে ভুটানের সীমান্ত এলাকা ফুন্টসোলিং দিয়ে থিম্পু যাবে। আরেকটি হলো সিলেটের তামাবিল হয়ে ভারতের শিলং-গুয়াহাটি দিয়ে ভুটানের সামদ্রুপ যাবে। নেপালে যাবে বাংলাবান্ধা দিয়ে প্রবেশ করে ভারতের বিভিন্ন সড়ক হয়ে কাঁকরভিটা দিয়ে।
নরেন্দ্র মোদি গত শনি ও রোববার বাংলাদেশ সফর করেন।
মন্ত্রিসভার বৈঠকে নৌবাহিনী (সংশোধন) আইন, ২০১৫-এর খসড়াও নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের সমন্বিত ভূমি ব্যবস্থাপনা নীতিমালা, ২০১৫ সভায় উত্থাপন হলেও মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, স্থানীয় সরকার বিভাগের অধীনসহ অন্যান্য সড়কের ভূমি ব্যবহার নিয়ে একটি সমন্বিত নীতিমালা করা হবে। এ জন্য প্রস্তাবিত নীতিমালাটি ফেরত দিয়ে নতুন করে তা করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে মূল ভূমিকা রাখবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।