বাংলাদেশ-ভুটান যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। উভয় দিকেই অবকাঠামো তৈরি হয়েছে। এ জন্য এখন ভারতের মধ্য দিয়ে ট্রানজিট প্রয়োজন।’
আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত পেমা চোডেন দেখা করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন।
ব্যবসা-বাণিজ্যের জন্য ভুটান বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে, এ কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ভুটানের অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতে দেশটি বাংলাদেশ থেকে সবজি আমদানি করতে পারে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রতিবছর বাংলাদেশ থেকে ভুটানের অনেক তৈরি পোশাক আমদানির কথা উল্লেখ করেন।
রাষ্ট্রদূত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন। রাষ্ট্রদূত ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তাও বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।
ভুটানের রাষ্ট্রদূত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ও সার্ক সনদ বাস্তবায়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, তাঁর (শেখ হাসিনা) দেশ পরিচালনায় বিগত কয়েক বছরে বাংলাদেশে ব্যাপক আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার ও প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস।