প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ-ভুটানের মধ্যে যোগাযোগব্যবস্থা তৈরির ওপর গুরুত্ব
বাংলাদেশ ও ভুটানের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার ভুটানের রাষ্ট্রদূত পেমা চডেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। উভয় দিকেই অবকাঠামো তৈরি হয়েছে। এখন ভারতের ভেতর দিয়ে ট্রানজিট প্রয়োজন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এসব কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্যের জন্য ভুটান বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহার করতে পারে। অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতে ভুটান চাইলে বাংলাদেশ থেকে সবজি আমদানি করতে পারে। প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় ভুটানের রাজা ও দেশটির জনগণের অবদানের কথা স্মরণ করেন।
ভুটানের রাষ্ট্রদূত পেমা চডেন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাঁর দেশের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন। রাষ্ট্রদূত ভুটানের রাজা ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার উপস্থিত ছিলেন।